দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। পাশাপাশি বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় ৮৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৯৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪০৩ জন ও ঢাকার বাইরের ৪৯৩ জন। এ নিয়ে ২১ দিনে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৬৫ জন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৭৬ জন। তাদের মধ্যে ৩ হাজার ৫৬০ জন ঢাকায় ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছে ২ হাজার ৫১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৪৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ হাজার ২১১ জন। এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৬৪৬ ও সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১৩ হাজার ৯৬৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১০ হাজার ৭৯৭ জন ও বাড়ি ফিরেছে ৮ হাজার ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ১০৯ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ১৫৬ জনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর।