রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন




আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেবো: বিএনপিকে ওবায়দুল কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:৪৩ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের qader
file pic

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখন নাকি আপনারা রাস্তা বন্ধ করবেন, ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন? আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেবো। চোখ রাঙাবেন না, আমাদের শেকড় এ মাটির অনেক গভীরে।’

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগুন নিয়ে খেললে হাত পুড়িয়ে দিবো। ভাঙচুর করতে এলে হাত ভেঙে দেবো আমরা। শান্তিপূর্ণভাবে এসেছেন, শান্তিপূর্ণভাবে আবার চলে যান।’

তিনি বলেন, তারেক রহমান পুলিশকে ধমক দিচ্ছে। প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান ফখরুলকে বলছে আন্দোলনের টাকার অভাব হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘চোর’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক জিয়া চোর হ্যায়, গালি গালি মে শ্যোর হ্যা’।

তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে।

ওবায়দুল কাদের বলেন, এখন নাকি আপনারা (বিএনপি) রাস্তা বন্ধ করবেন। ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেবেন। আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে।

এর আগে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও মির্জা আজমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে এবং তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানান। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি বিদেশিদের দিয়ে খেলা শুরু করেছে। জনগণ তাদের এ খেলা খেলতে দেবে না।

সমাবেশ সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD