সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন




সুপ্রিম কোর্টে আইনজীবীদের হট্টগোল, সম্পাদকের কক্ষ ভাঙচুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:০৫ pm
SCBA Bangladesh Supreme Court Bar Association court Bar Association আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিমকোর্ট সুপ্রিম কোর্ট বারে উত্তেজনা বিক্ষোভ ভাঙচুর
file pic

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে সুপ্রিম কোর্ট বার সম্পাদকের (আওয়ামীপন্থি) কক্ষ ভাঙচুর করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ হট্টগোলের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী বলেন, দুপুর দেড়টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের দণ্ড ও তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরাও সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল মুখোমুখি হয়। পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করেন এবং তার নেমপ্লেট খুলে ফেলেন। এরপর সভাপতির কক্ষের নেমপ্লেটও খুলে ফেলা হয়।

পরে সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল বলেন, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, কাজল ও সজলের নেতৃত্বে আমাদের আইনজীবীদের ওপর হামলা হয়েছে। সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

এদিকে বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় আওয়ামীপন্থি আইনজীবীরা আমাদের এক নারী আইনজীবীর ওপর হামলা করেন। তাকে উদ্ধার করতে গেলে তারা আরও মারমুখী আচরণ করেন।

সম্পাদকের কক্ষ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তারা নিজেরা ভাঙচুর করে উল্টো আমাদের ওপর দোষ চাপাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD