রংপুরের ৩৩টি ও রাজশাহীর ৩৯টি আসনের মনোনয়ন এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃতে মনোনয়ন বোর্ডের প্রথমদিনের সভা শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ফের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
ওবায়দুল কাদের বলেন, এবার রাজনীতির বাইরে আজকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। জনগণের কাছে যাদের জনপ্রিয়তা আছে, গুরুত্ব আছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।
আগামী ২৫ নভেম্বর আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য (এমপি) বাদ পড়ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২৫ নভেম্বরের (শনিবার) মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
এর আগে সকালে মনোনয়ন বোর্ডের সভার শুরতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যা যা দরকার আমরা সেগুলো করেছি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালীন সময় আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসক সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তফসিল ঘোষণার পর থেকে কোনো অফিসার বদলি করা, এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি, এগুলো নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া করা যাবে না। যদি নির্বাচন কমিশন চায় তখন সেটা পরিবর্তন করা যায়, তাছাড়া করা যাবে না।