সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন




এমপি হওয়ার স্বপ্নে বিভোর ২৩২ জন!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ১১:১৮ am
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

চট্টগ্রামের ১৬টি আসনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের ২৩২ জন লড়াইয়ে নেমেছেন। সংসদ-সদস্য (এমপি) হওয়ার স্বপ্নে তারা সবাই বিভোর! সবাই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে হেভিওয়েট নেতা যেমন রয়েছেন, তেমনি একেবারে নতুন বা আনকোরা নেতাও রয়েছেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতারা যেমন রয়েছেন, তেমনি ব্যবসায়ীরাও রয়েছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী চার আওয়ামী লীগ নেতাও মনোনয়ন ফরম কিনেছেন। এমপি হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন পাঁচজন। চট্টগ্রামে এক হুইপের পিএস মনোনয়ন ফরম কিনেছেন। একসঙ্গে তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করার ঘটনাও রয়েছে। মূল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ১১ নারী নেতৃত্বও।

বৃহস্পতিবার থেকে দলীয় মনোনয়ন ফরম যাচাই-বাছাই শুরু করেছে আওয়ামী লীগ। দুই বিভাগের দলীয় প্রার্থী ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার ও শনিবারও প্রার্থী যাচাই-বাছাই চলবে। শনিবার ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। আর সেদিনই চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের ভাগ্য জানা যাবে। অবসান হবে সব জল্পনা-কল্পনার। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কেউ এক মুহূর্ত আগেও আশা ছাড়তে নারাজ।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে সবচেয়ে বেশি ২৮টি ফরম বিক্রি হয়েছে। আর চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সবচেয়ে কম মাত্র দুটি ফরম বিক্রি হয়েছে। অন্য আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে তিনটি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ২১, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১২, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ১১, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৪, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আট, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ১৭, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে ২১, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ২৭, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৫, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে চার, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ১৭, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১৫ এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ তিন মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন। তার আসনে আওয়ামী লীগের সাবেক নেতা প্রয়াত সাদেক চৌধুরীর ছোট ভাই আওয়ামী লীগ নেতা ওসমান গণি চৌধুরী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে নোমান আল মাহমুদ জয়ী হয়েছেন। তিনিও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনে তিনবার সামশুল হক চৌধুরী জয়ী হন। সরকারি দলের হুইপ হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এ আসনে ১৫ বছর ধরে হুইপ সামশুল হকের পিএস হিসাবে দায়িত্ব পালনকারী আওয়ামী লীগ নেতা হাবিবুল হক চৌধুরীর মনোনয়ন ফরম সংগ্রহ সবাইকে বিস্মিত করেছে। হুইপের অনুসারীরা বলছেন, হুইপের ইমেজ ক্ষুণ্ন করতে প্রতিপক্ষ কোনো গ্রুপের ইন্ধনে অথবা লোভের বশবর্তী হয়ে হাবিবুল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। হাবিবুল হক চৌধুরী বলেন, তিনি ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ করেছেন। ১৫ বছর ধরে তিনি ও হুইপ সুখে-দুঃখে পরস্পরের পাশে ছিলেন। হুইপকে তিনি সম্মান করেন। কারও ইন্ধনে নয়; নিজস্ব চিন্তা থেকে তিনি ফরম কিনেছেন। তিনি বলেন, অনেক এমপির পিএস মনোনয়ন ফরম কিনে অতীতে এমপি হয়েছেন। হুইপের সঙ্গে তার কোনো দূরত্ব বা বিরোধ নেই। তিনি আরও বলেন, এমপি হওয়ার একটি সুযোগ সামনে এসেছে; তাই তা কাজে লাগাতে চান। এ প্রসঙ্গে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন দলীয় সভাপতির হাতে। হাবিবুলের জন্য তার শুভ কামনা রয়েছে।

পটিয়া আসনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা জুলকারনাইন চৌধুরী জীবন, বোয়ালখালী আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন, সন্দ্বীপ আসনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আবদুল কাদের মিয়া, সীতাকুণ্ড আসনে যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের অর্থ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল’ফ্যাকাল্টি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার চৌধুরী মুহাম্মদ জিন্নাত আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রবাস থেকে এসে নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার মনোয়ার বলেন, চট্টগ্রামে প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব হিসাবে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রেখেছি। নিজের এলাকার সঙ্গে তার যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন ছিল না। ব্যারিস্টার জিন্নাত আলী বলেন, বিদেশে গেলেও দেশের প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই। দলীয় মনোনয়ন পেলে তিনি যোগ্যতার প্রমাণ দেবেন। চট্টগ্রামে এমপি হওয়ার স্বপ্নে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়েছেন পাঁচজন। তারা হলেন-পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী গালিব সাদলি, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন। তবে মনোনয়ন না পেলে কেউ কেউ এ কূল ও কূল-দুই কূল হারাতে পারেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন কোতোয়ালি, ডবলমুরিং ও বন্দর-পতেঙ্গা আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভোটে জোটের হিসাব রয়েছে। সেই চিন্তা করে তিনি ফরম কিনেছেন। প্রধানমন্ত্রী যেখানেই মনোনয়ন দেবেন সেখানেই যোগ্যতার প্রমাণ দেব। যে কোনো একটি আসনে তিনি মনোনয়ন পাবেন এমন প্রত্যাশা করেন।

সংরক্ষিত আসনের পরিবর্তে মূল আসনে নির্বাচন করতে চান ১১ নারী। তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পটিয়া আসনে সংরক্ষিত আসনের সাবেক এমপি চেমন আরা তৈয়ব, ফটিকছড়িতে সংরক্ষিত আসনের বর্তমান এমপি খাদিজাতুল আনোয়ার সনি, চান্দগাঁও-বোয়ালখালী আসনে সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক, চউকের বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, একই আসনে সাবেক এমপি মোছলেম উদ্দিন আহমেদের মেয়ে কাজী শারমিন আক্তার সুমি, সাবেক এমপি মঈনউদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, চন্দনাইশে শাহিদা আক্তার জাহান, সাতকানিয়া-লোহাগাড়া আসনে সাজেদা সুরাত, বাঁশখালী আসনে নাজমা আক্তার, সন্দ্বীপ আসনে রোমানা নাসরিন, হাটহাজারী আসনে বাসন্তী প্রভা পালিত, বন্দর-পতেঙ্গা আসনে সায়রা বানু রুশ্নি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, জঙ্গিবিরোধী আন্দোলনে তার ভূমিকার বিষয়টি দল অবগত। সংরক্ষিত আসন নয়; মূল আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম নিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD