রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন




বাংলাদেশে ‘আরব বসন্ত’ নিয়ে যা বললেন কাদের-মোমেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৬:৩৩ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘আরব বসন্ত’ তৈরির শঙ্কা নিয়ে মুখ খুলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুই মন্ত্রীই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, বাংলাদেশে আরব বসন্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি নেই। সুযোগও নেই।

দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান- বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র আরব বসন্ত তৈরি করতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের মন্তব্য নিজেদের বিষয়। এটার সাথে আমরা জড়াতে চাই না। আরব বসন্তের কোনো উপাদান এই দেশে ইনশাআল্লাহ হবে না।

এদিকে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সেমিনার শেষে সাংবাদিকদের একই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমার তো নিশ্চয় মনে হয় না এ ধরনের কোনো সুযোগ আছে। আমরা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। আর আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব।

আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করব। আমরা খুব ভালোভাবে চলছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু নয়। এটা ওদের জিজ্ঞাসা করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্য পররাষ্ট্রনীতি। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, কে কী বলল, না বলল, এটা তাদের মাথাব্যথা। আমরা পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না। আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।

উল্লেখ্য, গত শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের’ মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD