রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন




জাতীয় পার্টি ভোটে আছে, ভোটে নাই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪ ৭:১৩ pm
Plow money লাঙ্গল হালচাষ হাল চাষ লাঙ্গল-জোয়াল জোয়াল Jatiya Party জাতীয় পার্টি জাপা
file pic

আগের দুই নির্বাচনের মতোই এবারও হাজারো রহস্যে মোড়া অবস্থানে জাতীয় পার্টি। একের পর এক নাটক হচ্ছে দলটির ভেতরে-বাইরে। নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে ভোটে আসে দলটি। সরকারি দলের সঙ্গে সমাঝোতায় ২৬ আসনে ছাড় নিয়ে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির সামনে এখন বড় চ্যালেঞ্জ সমঝোতার বাইরের আসনে দলীয় প্রার্থীদের ধরে রাখা। এসব প্রার্থী নানা অভিযোগ তুলে একের পর এক আসন থেকে সরে দাঁড়াচ্ছেন। দলের চেয়ারম্যান জিএম কাদেরও ভোট নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করছেন শেষ মুহুর্তে।

জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় পেয়েছে ২৬টি আসন। এর বাইরে কয়েকটি আসনে দলটির প্রচার-প্রচারণা থাকলেও বেশির ভাগ আসনে নিরুত্তাপ দলটির প্রার্থীরা। তাদের কেউ কেউ একে একে সরে যাচ্ছেন ভোটের মাঠ থেকে। এখন পর্যন্ত ৫৬ জন প্রার্থী সরে গেছেন। আবার দলটি সমঝোতা হওয়া ২৬ আসন থেকে অনেক আসন না পাওয়ারও শঙ্কা রয়েছে।

অনেক আসনে জাতীয় পার্টির প্রার্থীকে জেতানোর তৎপরতাও রয়েছে বলছেন কেউ কেউ। ৩০০ আসনে লড়াইয়ের ঘোঘণা দিয়েও প্রার্থিতা ঘোষণা করা হয় ২৮৩ আসনে।

নির্বাচন থেকে সরে যাওয়া একাধিক প্রার্থী বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা রয়েছে। এছাড়াও আসন সমঝোতা হওয়ায় তারা ভোটারদের কাছে ভোট চাইতে পারছেন না। অনেকে দলটির শীর্ষ নেতাদের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করছেন। উত্তরাঞ্চলে জাতীয় পার্টির ভোটব্যাংক শক্তিশালী। কিন্তু উত্তরাঞ্চল থেকেও সরে যাচ্ছেন প্রার্থীরা। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির কর্মী-সমর্থক আছে বেশ। এই আসন থেকে জাতীয় পার্টি সংসদে প্রতিদ্বন্দ্বিতাও করেছে। এবার এই আসনে লাঙ্গল পেয়েছেন আতাউর রহমান। তিনি প্রচার- প্রচারণাও চালিয়েছেন। শেষ মুুহুর্তে সরে দাঁড়িয়েছেন। আতাউর রহমান বলেন, আমার আসনে জাতীয় পার্টির ভালো ভোট আছে। কিন্তু আমি ভোট চাইতে পারি না।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসন থেকেও প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির মাহবুব আলম। তিনি বলেন, ভোটারদের কাছে ভোট চাইতে গেলেই তারা যেসব প্রশ্ন করেন সেটার জবাব দেয়া যায় না। তারা বলেন, আপনারা কী আর আসন পাবেন? ২৬ আসন থেকেতো নৌকা সরিয়ে নিয়েছে তাহলে এখন ভোট চাইছেন কেন? এমনকি যারা লাঙ্গলের ভোটার তারাও কনফিউজড। এছাড়াও নির্বাচন নিয়ে আরেকটা কনসার্ন ছিল নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, গণনা কতটুকু সঠিকভাবে হবে এ নিয়ে।

কয়েকটি জেলায় একযোগে নির্বাচন থেকে সরে যাওয়ার পরিকল্পনাও ছিল। নির্বাচন থেকে সরে আসার পিছনে সকল নেতাকর্মীই শীর্ষ নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করেন। এমনকি প্রকাশ্যে করছেন বিদ্রূপ মন্তব্য। রংপুর-১ (রংপুর সদরের একাংশ ও গঙ্গাচড়া) আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গার (স্বতন্ত্র) পক্ষে প্রচারণায় অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন জাপার সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-হাদীকে। এর প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল-হাদী বলেন, আমাকে অব্যাহতি দেয়ার কিছু নেই। আমি অনেক আগেই জাতীয় পার্টিকে ত্যাগ করেছি। ও রকম যাত্রা পার্টি আমার দরকার নেই। যাদের মাথা ঠিক নাই তাদের সঙ্গে থাকতে চাই না।

সমঝোতার আসনের মধ্যেও দলীয় প্রার্থীদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। তবে কিছু আসন আবার ব্যতিক্রম। এর মধ্যে অন্যতম চট্টগ্রাম-৫ (সিটি করপোরেশনের একাংশ) আসন। এখানে লাঙ্গলের প্রার্থী দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এখানে আওয়ামী লীগের শক্ত স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। কিন্তু আওয়ামী লীগ থেকে প্রকাশ্যে সমর্থন জানানো হচ্ছে লাঙ্গলকে। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ জাতীয় পার্টির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের পক্ষে কাজ করছেন। যদিও সমঝোতার এই আসনটিতে রয়েছে আওয়ামী লীগের শক্ত স্বতন্ত্র প্রার্থী।

পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি-সদর) আসনে সমঝোতায় লাঙ্গল নিয়ে লড়ছেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তার পক্ষে প্রকাশ্যে কাজ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও আওয়ামী লীগের একটি অংশ ডাব প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছেন।

জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, এমনকি পার্টির কো- চেয়ারম্যান শেরীফা কাদেরও আছেন চাপে। জিএম কাদের (রংপুর-৩) আসনে ভোটাররা নির্বাচনে যাওয়ায় বিরূপ দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন। মো. মুজিবুল হকের (কিশোরগঞ্জ-৩) আসনে রয়েছেন একাধিক আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। এই আসনে আওয়ামী লীগের নেতারা একাট্টা হয়ে এক প্রার্থীর পক্ষে লড়াইয়ের আভাস দিয়েছেন। আর ঢাকা-১৮ আসনেও চাপে আছেন শেরীফা কাদের। তাকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে।

নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের গতকাল গণমাধ্যমকে বলেন, দেশে আওয়ামী সরকারের অধীনে অতীতের নির্বাচনের অভিজ্ঞতায় জনগণ এ নির্বাচনের সুষ্ঠতা নিয়ে শঙ্কিত রয়েছে। সরে যাওয়া নিয়ে বাড়াবাড়ি কেন বুঝলাম না। এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা ১৯৯০ এর পর থেকে যখনই ৩শ’ আসনে প্রার্থী দিয়েছি, তখনই অনেক প্রার্থী সরে দাঁড়িয়েছে। অনেকেই অভিজ্ঞতা নিতে আসে, পরিচিত হতে আসে। ১৯৯০ সালের পর থেকে ৩০০ আসনে নির্বাচন করার যোগ্যতা জাতীয় পার্টির কখনই ছিল না। বর্তমানে নির্বাচনের মাঠে দু’-এক জায়গা বাদে সবখানেই লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। তবে সমস্যা হবে নির্বাচনের দিনে। যারা ভোট দিতে আসবেন, তারা ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। আর ভোট দেয়ার পর সে ভোট সঠিকভাবে গণনা করা হবে কিনা এ নিয়েও শঙ্কা রয়েছে। বর্তমান সরকারের অধীনে অতীতের একাধিক নির্বাচনে এমন ঘটনা ঘটেছে বলে মানুষের মাঝে এমন শঙ্কা রয়েছে। জনগণের মাঝে আস্থাহীনতা রয়েছে এ নির্বাচন নিয়ে। [মানবজমিন]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD