রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন




নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৪:৩২ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ সংকট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ‘গত ২০ মার্চ মিথ্যা, হয়রানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ২২ জন নেতাকর্মী শেরপুর জডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন চড়ামূল্যে যখন মানুষ চোখে অন্ধকার দেখছে তখন অবৈধ আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্য-নতুন মিথ্যা মামলায় আটকসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের হিড়িক অব্যাহত রেখেছে। ক্ষমতাসীনদের দৌরাত্ম এবং দাপটে মানুষ চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই সকল অপকর্মকে আড়াল করতেই ‘ডামি’ সরকার নতুন করে সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে।

মির্জা ফখরুল বলেন, অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামী হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন। ৭ই জানুয়ারির ‘ডামি’ নির্বাচনের পর ফ্যাসিস্ট আওয়ামী কতৃর্ত্ববাদী সরকার আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, ৭ই জানুয়ারির আওয়ামী ‘ডামি’ সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর যে জুলুম চালাচ্ছে সেটির আরও একটি কুনজীর স্থাপিত হলো মাহমুদুল হক রুবেলসহ ২২ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও কারাগারের পাঠানোর মধ্য দিয়ে।

বিবৃতিতে মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান ফখরুল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD