ঈদকে কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে থ্রি হুইলার চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
সচিব বলেন, “আগে ট্রাক-বাসের সঙ্গে দুর্ঘটনা বেশি ঘটত। এখন সড়কে অটোরিকশা দুর্ঘটনায় পরিবারসহ একসঙ্গে কয়েকজন নিহত হয়। ঈদকে কেন্দ্র করে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে হবে।
“তাই ৪ এপ্রিল থেকে ঈদের তিন দিন পর্যন্ত কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটারে কোনো ধরনের অটোরিকশা ও থ্রি হুইলার চলবে না।”
রোববার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, স্বাভাবিক সময়ে পরিবহন চালকরা ২০০ টাকার ভাড়া ১৮০ টাকা নিয়ে থাকে। ঈদকে কেন্দ্র করে অনেক পরিবহন চালক সেই ভাড়া তার বেশিও নিয়ে থাকেন।
“ঈদ যাত্রায় সকল পরিবহন চালক ও মালিকদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান জানাই।”
তিনি বলেন, “ঈদ যাত্রায় এলেঙ্গা মোড় সবসময় পরিষ্কার রাখতে হবে। গতকাল ও আজকে এলেঙ্গায় জ্যাম দেখেছি। গাড়িগুলো সেখানে এসে থেমে যাচ্ছে। ফোর লেন থেকে যেখানে টু লেন হল সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, শ্রমিক ও পরিবহনের মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন।“
সড়ক বিভাগের পক্ষ থেকে ঈদের সাত দিন আগে সকল রাস্তা ঘাট মেরামত সম্পন্ন হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব।
তিনি বলেন, “৪ এপ্রিলের পর থেকে কোনো নির্মাণ কাজ চলবে না। আমাদের ব্যাপক আয়োজন আছে। তাই যানজট নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।”
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন-সাসেক ২ প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন ও জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি বালা বক্তব্য রাখেন।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।