বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত মার্চের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৮১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৬৭। তবে গতকাল বৃহস্পতিবার এক প্রকাশনা অনুষ্ঠানে গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন বলেছেন, দেশে এখন খাদ্য মূল্যস্ফীতি ১৫ শতাংশের কম নয়। মাছ ও পোলট্রি মুরগির কারণে বেড়েছে মূল্যস্ফীতি। শুধু সুদহার বাড়িয়ে এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। শুল্ক কমানোসহ বেশ কিছু উদ্যোগ সমন্বিতভাবে নিতে হবে বলে মনে করেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস কার্যালয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ রচিত ‘বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বক্তব্য দেন।
বিআইডিএসের এক জরিপের তথ্য উল্লেখ করে বিনায়ক সেন জানান, সম্প্রতি সব জেলা থেকে তথ্য নিয়ে তারা মূল্যস্ফীতি হিসাব করেছেন। তাতে খাদ্য মূল্যস্ফীতি ১৫ শতাংশ পেয়েছেন। এ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ অসুবিধায় রয়েছেন।
তিনি বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির সবচেয়ে বড় কারণ মাছের দাম বৃদ্ধি। গত এক বছরে আমিষ খাদ্যটির দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। আমদানিনির্ভর ফিডের কারণে অনেকাংশে বেড়েছে পোলট্রি মুরগির দাম, যা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। পোলট্রি খাদ্যে শুল্ক কমালে তা মাছ ও মুরগির মতো পণ্যের দাম কমাতে সহায়ক হবে; মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে। এ খাতে শুল্ক কমিয়ে অন্য খাত থেকে রাজস্ব বৃদ্ধিরও পরামর্শ দেন বিনায়ক সেন।
আইএমএফের শর্ত মেনে ডলারের বিনিময় হার এক দিনে ৭ টাকা বাড়ানোর পর রপ্তানি প্রণোদনা দরকার নেই বলে মনে করেন তিনি। বিআইডিএসের মহাপরিচালক বলেন, দেশের এ দুর্যোগ মুহূর্তে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো দরকার। রপ্তানি প্রণোদনা বন্ধ করা গেলে সে অর্থ সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন অত্যাবশ্যক খাতে ব্যবহার করা যাবে।
ব্যাংক খাতের সুশাসন বিষয়ে বিনায়ক সেন বলেন, খেলাপি ঋণ কমাতে ও ব্যাংকিং খাতে সুশাসন আনতে বহুদিন ধরে ব্যাংকিং কমিশন করার কথা বলা হচ্ছে। তবে এখানে কেউ হাত দিচ্ছে না। আমরা চাই, ব্যাংকিং কমিশন না করলে অন্তত ব্যাংকিং কমিটি গঠন করা হোক।
অনুষ্ঠানে ব্যাংক খাতের খেলাপি ঋণ ও অনিয়ম বিষয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অর্থনীতিবিদদের উদ্দেশে বলেন, আপনারা সব সময় নরম ভাষায় কথা বলেন; এটা ভালো। কিন্তু যারা ঋণখেলাপি হচ্ছে; দিনদুপুরে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিচ্ছে, তাদের কেন সরাসরি ডাকাত বলেন না!
অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থায়ন বিষয়ে তিনি বলেন, ‘এমন সব প্রকল্প নিয়ে আসা হয়, যেগুলোর জন্মই আজন্ম পাপ। এগুলো নিয়ে বলা হয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বাড়ছে। সুনির্দিষ্টভাবে প্রকল্প ধরে কেউ কথা বলেন না।’
তিনি আরও বলেন, ‘ব্যাংক খাতের সুশাসন ফেরাতে ব্যাংক কমিশন নয়, সরাসরি সিদ্ধান্ত নিয়ে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।’
এ প্রসঙ্গে পিআরআইর ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, ব্যাংক খাতে দীর্ঘমেয়াদি সংস্কারে হাত দিতে হবে। ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত এ খাতে অনেক সংস্কার হলেও পরে তা থেমে যায়। ফলে গত এক যুগে খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ কোটি টাকা। তিনি আরও বলেন, খেলাপি ঋণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি ব্যাংক। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এতে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল।
প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, রপ্তানি প্রণোদনা বন্ধ করা হবে কিনা, তা সরকার ভেবে দেখতে পারে। তবে প্রণোদনা বহাল রাখতে চাইলে রপ্তানি খাতে ওই পণ্যের অবদান (পারফরমেন্স) যাচাইয়ের ভিত্তিতে দেওয়া যেতে পারে। সরকারের উচ্চ পর্যায়ে যথাযথ মূল্যায়নের মাধ্যমে সম্ভাবনাময় রপ্তানি খাত চিহ্নিত করে এ প্রণোদনা দেওয়া উচিত।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারের কিছু পদক্ষেপ বাজারে অস্থিরতা তৈরি করছে। যেমন গত রমজানে ২৮ পণ্যের দাম বেঁধে দেওয়া হলো। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান সানেমের চেয়ারম্যান ও পিআরআই পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, বিআইডিএসের গবেষণা পরিচালক মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।