সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন




বাজেটে ঘাটতি কমিয়ে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা আরও কম করা যেতো: ড. আতিউর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুন, ২০২৪ ৫:২৬ pm
ex Atiur Rahman governor bangladesh bank বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর আতিউর রহমান
file pic

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জিডিপির ৪.৫ শতাংশ ঘাটতির যে প্রস্তাবনা রয়েছে তা আরও কমানো যেতো। এই ঘাটতি ৩.৫ শতাংশে রাখা গেলে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের পরিমাণ আরও ৫৬ হাজার কোটি টাকা কমানো সম্ভব। ঘাটতি হ্রাসের মাধ্যমে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানো গেলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

শুক্রবার (০৭ জুন) ঢাকায় উন্নয়ন সমন্বয় কার্যালয়ের বাজেট প্রতিক্রিয়া অধিবেশনে মূল নিবন্ধ উপস্থাপন করার সময় তিনি এ কথা বলেন। ব্যাংক এশিয়া পিএলসি এবং উন্নয়ন সমন্বয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘আমাদের সংসদ’ কার্যক্রমের আওতায় এই অধিবেশন আয়োজিত হয়।

প্যানেল আলোচক হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ড. রুমানা হক, ব্যাংকিং খাত বিশেষজ্ঞ ফারুক মইনউদ্দীন, এবং সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলী।

ড. আতিউর বলেন, প্রস্তাবিত বাজেটটিতে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও নিজস্ব অর্থনীতির চ্যালেঞ্জগুলোর প্রতি সংবেদনশীলতার পরিচয় দিয়ে অনেকখানি সঙ্কোচনমুখিতা দেখানো হয়েছে, যা প্রশংসনীয়। তবে বিদ্যমান বাস্তবতায় বিশেষত উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দের ক্ষেত্রে আরও উদারতা দেখানো যেতো। তা করা গেলে অস্থির আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে সামাজিক পিরামিডের পাটাতনে থাকা মানুষদের জন্য আরও সুরক্ষা নিশ্চিত করা যেতো।

অধ্যাপক ড. রুমানা হক বাজেটে সঙ্কোচনের চাপ থাকার পরও স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বাড়ানোর উদ্যোগকে বিশেষভাবে স্বাগত জানান। তবে যেহেতু দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের দুই-তৃতীয়াংশের বেশি নাগরিকদেরই বহন করতে হচ্ছে, তাই বাজেটে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য চিকিৎসা সামগ্রি বাবদ এবং ডায়াগনোস্টিক টেস্ট বাবদ বরাদ্দ আরও বাড়ানো গেলে জনগণের ওপর স্বাস্থ্য ব্যয়ের চাপ উল্লেখযোগ্য মাত্রায় কমানো সম্ভব বলে মত দেন তিনি।

অধিবেশনে গণমাধ্যেমের প্রশ্নোত্তর পর্বের শেষে আয়োজকদের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংক এশিয়ার হেড অফ কর্পোারেট অ্যাফেয়ার্স সিদ্দিক ইসলাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD