রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন




চীন থেকে শূন্য হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী: রিজভী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ৫:৩১ pm
Ruhul Kabir Rizvi Ahmed Bangladesh Nationalist Party বিএনপি রুহুল কবির রিজভী Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৫ জন সফর সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন। ১ বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন । শনিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশ বিক্রি করার মহাজন হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন। বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, জুলাই মাস হলো আমাদের আমের মৌসুম। আর দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে। আজিজ, বেনজীর, মতিউর, আবেদদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে। কিন্তু এখনও রাঘব-বোয়ালদের নাম আসেনি। সরকারের মধ্যে এখনও হাজারও আজিজ-বেনজীর রয়ে গেছে।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ২০১৮ সালে কোটা বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিলো। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী) ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে।
ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানী প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD