রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন




আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউনে’ বিএনপির সমর্থন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ১:৩৪ am
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউনে’ সমর্থন জানিয়েছে বিএনপি। বুধবার (১৭ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সমর্থনের কথা জানান।

তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনকারীরা। এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

রিজভী সারাদেশের বিএনপির নেতাকর্মীদের শিক্ষার্থীদের আন্দোলনে সহযোগিতা করার অনুরোধ জানান।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই পোস্টে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‌্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।

সেখানে আরও বলা হয়, কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্টে আরও বলা হয়, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের নয়, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD