বাজার নিয়ন্ত্রণে সরকার ডিম আমদানির অনুমতি দেয় মাস দুয়েক আগে। সম্প্রতি আমদানি হয়েছে প্রায় আড়াই লাখ পিস। তাতে দাম কমার কথা। কিন্তু আমদানির পরও দর কমেনি। বরং কিছুটা বেড়েছে। গত এক সপ্তাহে আমিষজাতীয় খাদ্যপণ্যটির দাম ডজনে বেড়েছে ৫ টাকা।
ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক বন্যায় অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমছে। অন্যদিকে বর্ষার সময় চাহিদা বেশি থাকে। এসব কারণে দর কিছুটা বেশি। আমদানির পাশাপাশি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিলে দাম কমবে। কিন্তু ভোক্তাদের অভিযোগ, বন্যার অযুহাতকে কাজে লাগাচ্ছেন কিছু ব্যবসায়ী। সব সময় অযুহাত দাঁড় করিয়ে মানুষের পকেট কাটে তারা। কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় না আনলে এ অপসংস্কৃতি নিয়মে পরিণত হবে।
অন্যদিকে প্রান্তিক খামারিদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ফিডের দর বেশি নিচ্ছে। ফিডের দাম কমালে উৎপাদন খরচ কমবে। তখন স্বাভাবিকভাবেই ডিমের দাম কমবে। কিন্তু খাদ্যের দাম কমানোর উদ্যোগ না নিয়ে ডিম আমদানি করলে দেশের ছোট খামারিরা পথে বসে যাবে। তারা লোকসানের মুখে পড়ে খামার বন্ধ করতে বাধ্য হবে। দীর্ঘমেয়াদে যা ডিমের বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।
জানা গেছে, মাস দুয়েক আগে বাজার নিয়ন্ত্রণে সরকার ৩৫টি প্রতিষ্ঠানকে ৫০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দেয়। গত সোমবার একটি চালানে ২ লাখ ৩১ হাজার ডিম আমদানি হয়েছে। বাজারে দাম কমার আশায় ছিলেন ক্রেতারা। কিন্তু এ আশায় গুড়ে বালি। গতকাল বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজার, হাতিরপুল ও মগবাজর ঘুরে দেখা গেছে, ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৫৭ টাকা দরে। তবে পাড়া-মহল্লার দোকানে কিনতে গেলে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা।
তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, সাম্প্রতিক বন্যায় ফেনি, নোয়াখালি, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে অনেক ফার্ম। মারা গেছে লাখ লাখ মুরগি। ফলে ডিমের উৎপাদন অনেকটা কমেছে। কিন্তু চাহিদা কমেনি। বরং বর্ষাকালে ডিমের চাহিদা বেশি থাকে। কারণ এ সময় বাজারে হরেক রকম সবজি থাকে না। এ কারণে দাম কিছুটা বেশি। তিনি বলেন, এক-দুই লাখ ডিম আমদানি হয়েছে। এত অল্প আমদানিতে বাজারে তেমন প্রভাব পড়ার কথা নয়। তাছাড়া সাদা রংয়ের ডিম আমদানি হয়েছে। এ ডিমের চাহিদা কম থাকে বাজারে। তবে উৎপাদন বাড়লে দর কমে যাবে।
দ্রুত ঋণপত্র খোলা ও শুল্ক কমালে ডিম আমদানি মূল্য কমবে বলে মনে করেন আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রো ল্যান্ড সলিউশনের স্বত্তাধিকারী শাহ আলম। তিনি বলেন, যাদের আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে তারা সবাই যদি নির্দিষ্ট সমেয় ডিম আমদানি করে তাহলে বাজার নিয়ন্ত্রণে আসবে।
তবে দাম বাড়লেও আমদানি বন্ধের দাবি প্রান্তিক খামারিদের। তারা বলছেন, পোল্ট্রি ফিড উৎপাদন করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তারা ফিডের দাম নিচ্ছেন বেশি। ফিডের দাম কমলে ডিম উৎপাদন খরচ কমে যাবে। তখন এমনিতেই দাম কমে যাবে। বড় বড় সিন্ডিকেট ভাঙতে না পারলে কীভাবে বাজার নিয়ন্ত্রণে আসবে।
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, প্রাণিসম্পদ ও ফিড সিন্ডিকেট মাফিয়া চক্র বহাল রেখে ডিম আমদানি করায় সংকট আরও বাড়বে। দেশে ডিমের উৎপাদন খরচ না কমিয়ে বিদেশ থেকে ডিম আমদানি করে দেশিয় খামারিদের ধ্বংসের পায়তারা চলছে। তাতে বহু খামার বন্ধ হয়ে যাবে। বরং আমদানি বন্ধ করে ফিডের দাম কমানোর উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বন্যায় কিছু খামারি ক্ষতিগ্রস্থ হয়েছে, এটা ঠিক। তবে এটাকে অজুহাত হিসেব দাঁড় করিয়ে বাজারে কারসাজি চক্র অতি মুনাফা করছে। অতীতে দেখা গেছে, ডিমের বাজারে বড় করপোরেটগুলো কারসাজির সঙ্গে যুক্ত। কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিললেও কাউকে আইনের আওতায় আনা হয়নি। অন্যদিকে ক্ষুদ্র খামারিদের কাছে সরকারি সহায়তা পৌঁছানো যায়নি। এটা বড় প্রতিবন্ধকতা। ডিমের বাজারে সরবরাহ নিয়ন্ত্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, একই সাথে ডিম আমদানি বাড়াতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে সহায়তা পৌছানো জরুরি। যাতে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।