বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন




জন্মদিনে চমকে দিলেন রুনা লায়লা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ১০:৫৪ am
রুনা লায়লা Shilpi singer Runa Laila সংগীত শিল্পী রুনা লায়লা
file pic

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষে ভক্তদের জন্য একটি বিশেষ উপহারে চমকে দেন তিনি। উপহারটি হলো অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘দ্য রুনা লায়লা’। প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় রুনা বলেন, আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, উপহার দেন। সেই সঙ্গে দোয়া-আশীর্বাদ তো থাকেই আপনাদের। ভাবছি আমার এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেবো। আর সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ভিডিও বার্তায় রুনা লায়লা আরও বলেন, গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই সেগুলো তুলে ধরতে আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন।

আমি সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ। ভিডিও বার্তা শেয়ার দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রুনা লায়লা লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ! আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করে বেশ উচ্ছ্বসিত লাগছে। রুনা লায়লার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম কন্টেন্ট হলো ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’র ভিডিও।

ইউটিউবে তার দ্বিতীয় গানের শিরোনাম ‘হ্যালো হাই’। ১৯৮২ সালের ১লা ডিসেম্বর ইএমআই মিউজিক কোম্পানি থেকে এই অ্যালবাম প্রকাশের প্রথম দিনেই ১ লাখ কপি বিক্রি হয়। এজন্য উপহার হিসেবে গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড পেয়েছেন রুনা লায়লা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন।

এরমধ্যে নিজের ইউটিউব চ্যানেলে বলিউডের ‘ঘারোন্দা’ (১৯৭৭) ছবিতে জয়দেবের সুরে ‘তুমহে হো না হো’ ও ‘দো দিওয়ানে শেহার মে’ (সহশিল্পী: ভূপিন্দর সিং) গান দুটি আপলোড করেছেন তিনি। এ ছাড়া রয়েছে একটি করে বাংলা দেশাত্মবোধক ও ফোক গান এবং পাঞ্জাবি গান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD