অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে সব জিনিসের দাম যেভাবে একসাথে বাড়ে না, তেমনি সব জিনিসের দাম একসাথে কমে যাবে, এটাও আশা করি না।
রোববার রাজধানীর আগারগাঁও আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা তার বক্তব্যে ব্যবসায়ীদের কর ও ভ্যাট পরিশোধে উৎসাহিত করেছেন। তিনি বলেন, আপনারা কর পরিশোধ করুন। আমি নিশ্চিত করছি, চেয়ার-টেবিলের নিচ দিয়ে কোনো অযৌক্তিক বা বেআইনি দাবি করা হবে না। অফিসিয়াল কার্যক্রমের বাইরে কোনো চাহিদা থাকবে না।
কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাজস্ব আহরণে সহায়তা করুন। তবে জোর করে চাপ সৃষ্টি করবেন না। পেশাদার আচরণ বজায় রাখুন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বর্তমানে রাজস্ব আহরণ এবং ব্যয় দুটোই চ্যালেঞ্জিং। আয় বাড়াতে হবে, কিন্তু যৌক্তিক ব্যয় নিশ্চিত করতে হবে। নির্বিচারে ব্যয় করা উচিত নয়।
অর্থ উপদেষ্টা জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে মানুষের কষ্টের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, মাঝে মাঝে এমন আলোচনা শোনা যায় যেন মনে হয় বাংলাদেশ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। দেশে কোনো কিছু ঠিক নেই—এমন ধারণা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আলুর দাম কমেছে, পেঁয়াজের দামও কমেছে, তবে চালের দাম বেড়ে গেছে। এরকম বলা হয় যেন চালের দাম এক হাজার টাকা কেজি হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশেই একসাথে সব পণ্যের দাম কমে না, আবার সব পণ্যের দাম একেবারে বাড়বে এমন আশা করা যায় না। তবে এটা সত্য যে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে, অনেকের জন্য কিছু জিনিস ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তবে সরকার এই পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা করছে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। একশোর মধ্যে তুমি আজকে সত্তর পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, একশোর মধ্যে একশো-ই পেলে না কেন? এ রকম করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না।
তিনি আরও বলেন, ভ্যাট-ট্যাক্স বাড়ানো নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু কেন বাড়ানো হলো ভেতরের সেই খবর সরকারের বলা সম্ভব হয় না। অতএব খারাপ কাজের ভৎসনা করার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করা দরকার। তবে যারা ক্রিটিক্যাল মনের তারা সব জায়গায় দোষ খোঁজেন।
এই মহূর্তে অর্থনৈতিক সংস্কারের বেশি জরুরি বলে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশসহ একাধিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠন করেছে। তবে অর্থনীতি সংস্কারে কোনো কমিশন গঠন হয়নি। অর্থনীতিবিদরা এ ধরনের কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার নিয়ে অনেক কথা-বার্তা বলেছি। আমি মনে করি, এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। সেটা যদি আমরা না করতে পারি… অর্থনৈতিক সংস্কার করা কঠিন, আবার সহজ। কঠিন হলো এখানে অনেক গুলো ফান্ডামেন্টাল আইন কানুন রয়েছে। কিন্তু প্রক্রিয়াগত যে আইন-কানুন রয়েছে সেগুলোর সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবহার ও স্বচ্ছভাবে ব্যবহার করতে পারলে এই সংস্কার খুব বেশি কঠিন হবে না। বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকমতো ব্যবহার করছি না।‘
রাজস্ব আদায় ও ব্যবস্থাপনায় দেশ সঠিক পথে রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মোটামুটি এগিয়ে আছি। প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক থেকে পিছিয়ে আছি। আমাদের আধুনিক যুগে প্রবেশ করতে হবে।
এই সময়ে রাজস্ব আদায় ও তা ব্যয় করা চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, ব্যয়টা নির্বিচারে করবো সেটা মোটেই ঠিক হবে না। আমাদের রাজস্ব আয় ও ব্যয় উভয়ই যৌক্তিক করতে হবে। এটা সবার আকাঙক্ষা।
কর্মকর্তাদের উদ্দেশ্যে এই উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণে সহায়তা করুন। জোর করে টাকা পয়সা আদায় করা যাবে না।
সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, একটু ইতিবাচক দৃষ্টিতে আমাদের দেখবেন। সবই খারাপ বাংলাদেশে, সবই ভালো, এই হচ্ছে না, ওই হচ্ছে না, পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে। সব জিনিসের দাম একত্রে কমে গেছে এটা পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি। সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটাও আমরা আশা করি না। তবে এটা ঠিক ডেফেনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে। পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না অনেকেরই।
অনুষ্ঠানে এনবিআর সদস্য হোসেন আহমদ, সদস্য (কাস্টমস: নীতি ও আইসিটি) মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, ভবিষ্যতে অংশীজনদের স্ব-শরীর উপস্থিতি ছাড়াই স্বয়ংক্রিয় বাংলাদেশ কাস্টমস সেবা দেবে। ডাটা এনালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তির ব্যবহার ঝুঁকি ব্যবস্থাপনা ও অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও সুনিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান বলেন, ভ্যাট ও ট্যাক্স বাড়ানোর আগে বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের মতামত নিলে ভালো হয়। ব্যবসায়ীদের বক্তব্যের সুযোগ থাকলে তারা কর আদায়ে অংশীদার হতে পারবে।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কাস্টমসকে ট্রেড ফ্যাসিলেটেশনের যন্ত্র হিসেবে ব্যবহার করছি। রাজস্ব আদায় কমলেও আমাদের কাস্টমসের গুরুত্ব কমেনি। কাস্টমসের মূল উদ্দেশ্য রাজস্ব আদায় নয়। দেশীয় শিল্পকে রক্ষা করা, দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাস্টমস শুল্ক ও বিধি নিষেধগুলো দেওয়া হয়।
প্রায় ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন জানিয়ে তিনি বলেন, আশা করছি এই সংখ্যা ১৪ লাখ হবে। আগামী ৩১ জানুয়ারি আয়কর রিটার্ন দেওয়ার শেষ দিন। তারপরও অনলাইনে রিটার্ন দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে কিছু জরিমানা যোগ হবে। ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিতে ব্যবসায়ীরা ট্রান্সজেকশন গোপন করেন বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৬ জন কর্মকর্তাকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়েছে।
বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৬টি দেশে একযোগে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হয়। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে।
এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি’।