বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন




ডাকসুর আচরণবিধি প্রস্তুত, অনলাইনে দেয়া হবে বুধবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:২৫ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

মার্চে ঘোষিত হবে ডাকসুর রোডম্যাপ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আচরণবিধি সংক্রান্ত প্রাথমিক খসড়া ও শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবের ভিত্তিতে সংস্কার বিষয়ের খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী মার্চের মাঝামাঝি সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘সম্মিলিত ডাকসু আন্দোলন’ প্লাটফর্মের সাথে কথা বলার সময় একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচনে বড় বাধা ছিল আওয়ামী লীগের সিন্ডিকেট সদস্যদের নিয়ে আপত্তি। সেটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত সিন্ডিকেটের আজ প্রথম সভা করবে। ডাকসু বিষয়ে তিনটি কমিটি খুব ভেবেচিন্তে গঠন করা হয়েছে। কমিটিগুলো খুব দ্রুতই কাজ এগিয়ে নিচ্ছে। গেল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সকল কমিটির কাছে কাজের অগ্রগতি চাওয়া হয়েছে।

ড. নিয়াজ আহমদ খান বলেন, ডাকসুর আচরণবিধি সংক্রান্ত প্রাথমিক খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে। আগামী ৪ মার্চ এই খসড়া অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ও অংশীজনদের দেখানো হবে। এরপরে এটি সিন্ডিকেটে অনুমোদন পেলে চূড়ান্ত হবে।

মঙ্গলবার রাত বা বুধবার বিকেলের কমিটির অগ্রগতি জানতে পারলে আমরা শিক্ষার্থীদেরও জানিয়ে দিব।প্রত্যেকটি কমিটির কার্যক্রম খুব দ্রুত শেষ করে সিন্ডিকেটে উঠানো হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আগামী মাসে পরপর ৩টা সিন্ডিকেট সভার আয়োজন করব। দ্বিতীয় সিন্ডিকেটে ডাকসুর সকল কার্যক্রম চূড়ান্ত করার চেষ্টা করব।

এছাড়াও মার্চের মাঝামাঝিতে সংবিধান চূড়ান্ত করে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। এই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের হল ও বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে বলেও জানান তিনি।

গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনগুলোর প্রস্তাবের ভিত্তিতে সংস্কার বিষয়ের খসড়া প্রস্তুত করা হয়েছে। কালকেই (বুধবার) এটি চূড়ান্ত করে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানার জন্য অনলাইনে দেওয়া হবে। তারপর চূড়ান্ত খসড়াটি সিন্ডিকেটে আলোচনার ভিত্তিতে অনুমোদন করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ‘সম্মিলিত ডাকসু আন্দোলনের’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর দাবির পক্ষে সংগৃহীত এক হাজারের অধিক স্বাক্ষর জমা দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD