রোগীদের দুর্ভোগ লাঘব ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা চালু করলো রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল। প্রতিষ্ঠানটির বহির্বিভাগে আগত রোগীরা এখন থেকে ঘরে বসেই চিকিৎসাকের সাক্ষাৎকারের সময় জানতে পারবেন।
বিএসএমএমইউয়ের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট বিএসএমএমইউ ডট এসি ডট বিডি (www.bsmmu.ac.bd) তে প্রবেশ করে রোগীরা তাদের প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ সেবা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েনমেন্ট নিতে পারবেন। এতে করে সকাল বেলায় রোগীদেরকে একসাথে বিএসএমএমইউয়ের বহির্বিভাগে এসে টিকেটের জন্য এখন থেকে আর ভিড় করতে হবে না।
শনিবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সিস্টেম এনালিস্ট মো. মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
কার্যক্রমের উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম বলেন, ‘রোগীদের সেবার মানোন্নয়ন, বহির্বিভাগে আগত রোগীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম বেগবান করতে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করা অপরিহার্য হয়ে পড়েছে। বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রদানের সাথে একাডেমিক ও গবেষণা কার্যক্রম সংযুক্ত করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বিশেষ ভূমিকা রাখবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু হলে রোগীদের ডাটা সংরক্ষণ করা সম্ভব হবে। বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পুরোপুরি অটোমেশন করা সম্ভব হলে রোগীদের পরীক্ষা নিরীক্ষার তথ্যসহ চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এতে করে সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞগণ প্রয়োজন মতো রোগীর তথ্য জেনে মূল্যবান পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন। একই সাথে সংগৃহীত ডাটাসমূহ নিত্যনতুন গবেষণার দ্বার উম্মোচন করবে।’
তিনি বলেন, ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্টে আসা রোগীদের যাতে প্রয়োজনীয় সময় চিকিৎসকরা দেন তা নিশ্চিত করা হবে। এতে করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টদের রোগীকে টাচ না করেই কোনোমতে দেখে রোগীকে দ্রুত বিদায় করে দেওয়ার যে মানসিকতা গড়ে উঠছে সেক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। ফলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট রোগীকে যথাযথ সময় দেওয়ার মানসিকতা তৈরি হবে এবং এটা চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীর সস্তুষ্টিতে বিরাট ভূমিকা রাখবে।’