রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন




বিএসইসিতে অচলাবস্থা চলছেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ১:০৫ pm
শেয়ার বাজার শেয়ারবাজার শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket bsec Bangladesh Securities and Exchange Commission বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি stock bsec
file pic

চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবিতে গতকাল বৃহস্পতিবারও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুরোপুরি অচল ছিল। নির্ধারিত সময়ে অফিসে হাজির হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী কোনো কাজ করেননি কর্মকর্তারা। তবে সরকারের সমর্থন পেয়ে বিকেলে অফিসে এসে সাংবাদিকদের সামনে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঘোষণা দিয়েছেন, তাঁর কমিশন যে ‘মিশন’-এ আছে, তা থেকে একচুলও নড়ছে না। কর্মকর্তাদের চাপের মুখে যে পদত্যাগ করছেন না, তাঁর এমন বক্তব্যে তা-ই স্পষ্ট হলো।

এ অবস্থায় শেয়ারবাজারের প্রধান অংশীজনের পক্ষে ব্রোকারদের সংগঠন ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনার দ্রুত সমাধান চেয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করে উভয় সংগঠন জানিয়েছে, তারা আশঙ্কা করছে, কমিশনের অভ্যন্তরে চলমান ঘটনার দ্রুত সমাধান না হলে বাজারে আস্থার সংকট বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে।

অবশ্য নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ নেতৃত্বের সঙ্গে কর্মকর্তাদের দ্বন্দ্বের কারণে শেয়ারবাজারের লেনদেন বিঘ্নিত হয়নি। সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) স্বাভাবিকভাবে শেয়ার কেনাবেচা হয়েছে। যদিও সবার দৃষ্টি ছিল, বিএসইসির ঘটনার ওপর।

স্থবির বিএসইসির কার্যক্রম

আগের দিন কর্মবিরতি ঘোষণার পর গতকাল সকালের নির্ধারিত সময়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে হাজির হন। তবে কোনো কাজ করেননি। এ সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও কোস্টগার্ডের বিপুলসংখ্যক সদস্য অফিসের ভেতরে ও বাইরে অবস্থানে ছিলেন। দুপুরে সংবাদ সম্মেলন করে কর্মকর্তারা ফের অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনার জন্য যে ব্যবস্থাপনা এবং নেতৃত্বের যোগ্যতা ও গুণাবলি থাকা প্রয়োজন, তার কিছুই বর্তমান কমিশনের নেই। সব পর্যায়ের কর্মকর্তার সঙ্গে তারা চরম দুর্ব্যবহার করেন। আইনের বাইরে চলবেন না বলে মুখে ঘোষণা দিলেও নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বেআইনিভাবে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর্মকর্তারা অভিযোগ করেন, কমিশনে প্রচণ্ড জনবল সংকট থাকা সত্ত্বেও প্রস্তাবিত জনবল কাঠামো অনুমোদনের ব্যবস্থা না করে ওপরের পদগুলোতে তারা প্রেষণে নিয়োগের জন্য ষড়যন্ত্র করছেন। তদন্তের নামে কমিশনের কর্মকর্তা-কর্মচারীকে টার্গেট করে বেআইনি ও অনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে, চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ তাঁর চার কমিশনারের কেউই গতকাল সকালে নির্ধারিত সময়ে অফিসে হাজির হননি। তারা সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে যান। সেখানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সঙ্গে বৈঠক করেন। জানা গেছে, বৈঠকে চেয়ারম্যান তাদের অবস্থান ব্যাখ্যা করেন। এ সময় উপদেষ্টা তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেন কমিশনের ওপর।

পরে বিকেল ৩টার পর তিনি কমিশনে হাজির হন। এর আগে কমিশন কার্যালয়ে আরও বেশি সংখ্যক সেনাবাহিনী সদস্য উপস্থিত হন। পরে ব্রিফিংয়ে বিএসইসির চেয়ারম্যান জানান, উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা (সরকার) বলেছে, কমিশন যে কাজগুলো করছে, তা যেন আরও জোরালোভাবে করে।‍‍‌’

কমিশনের কর্মকর্তা ছাড়াও নানা পর্যায় থেকে চেয়ারম্যানের পদত্যাগ দাবির বিষয়ে জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘আমরা (কমিশন) যে মিশন নিয়ে কাজ করছি, তার থেকে একচুলও নড়ব না, কারও অন্যায় দাবি ও চাপের কাছে মাথানত করব না। নিষ্ঠা ও নিয়ম-নীতির সঙ্গে কাজ করে যাব।’

অর্থ উপদেষ্টার কাছে চেয়ারম্যান ‘কমপিটেন্ট’

উদ্ভূত পরিস্থিতিতে সকালে বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনার সাক্ষাৎ করলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কমিশনের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। কমিশন যে কাজ করছে, তা করে যাওয়ার এবং এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানকে সহযোগিতা করার নির্দেশনা দেন।
বিএসইসির অচলাবস্থা বিষয়ে বিকেলে এক প্রশ্নের মুখে অর্থ উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারে একজন কমপিটেন্ট (যোগ্য) চেয়ারম্যান রয়েছেন। উনিই বিষয়টি দেখছেন। এ বিষয়ে আমার বলার কিছু নেই।’

তৎপর অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তারা

নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোকে ঘিরে বুধবার থেকে বিএসইসিতে যে হট্টগোল ও অচলাবস্থা চলছে, এর সূচনা করেন সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের সময়ে নিয়োগপ্রাপ্ত সহকারী পরিচালকরা। কমিশন বৈঠক রুমে হঠাৎ ঢুকে কিছু জুনিয়র কর্মকর্তা সাইফুর রহমানকে অবসরে পাঠানোসহ নানা বিষয়ে অভিযোগ করে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাহারের দাবি জানান।

কমিশন সূত্র জানিয়েছে, এ কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ এবং দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। চাকরি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির কারণে তারা ক্ষুব্ধ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD