রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন




বাংলাদেশে উন্মাদনা

বিশ্বের জনবহুল ১০ দেশের ৮টিই বিশ্বকাপে নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:২৩ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

২০২৬ ফিফা বিশ্বকাপের ১৭ জুনের এক ম্যাচে যখন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে টুর্নামেন্টে নিজের প্রথম গোলটি করেন, তখন ঢাকার এক জনাকীর্ণ উন্মুক্ত দর্শক সমাবেশে শুরু হয় উন্মাতাল উদযাপন। কিন্তু সেখানে একজনও আর্জেন্টাইন ছিলেন না। আকাশি-সাদা বিখ্যাত আলবিসেলেস্তে জার্সি পরে লাফিয়ে-ঝাঁপিয়ে উদযাপন করা হাজারো সমর্থক ছিলেন বাংলাদেশের মানুষ। ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরেও একই রকম পথের ধারে আবেগঘন দর্শক সমাবেশ দেখা গেছে। মেসি ও তার সতীর্থদের এসব দেশের সমর্থকরা যেন নিজেদের দল হিসেবেই গ্রহণ করেছেন। এর একটি বড় কারণ হলো, তাদের নিজ নিজ দেশ বারবারই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি দেশের মধ্যে বর্তমান বিশ্বকাপে জায়গা করে নিতে পেরেছে মাত্র দুটি। তারা হলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। অন্য দুটি দেশ রাশিয়া ও নাইজেরিয়া আগের একাধিক বিশ্বকাপে খেলেছে। চীন ও ইন্দোনেশিয়া ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই বৈশ্বিক আসরে অংশ নিয়েছে মাত্র একবার করে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত, পাশাপাশি বাংলাদেশ, ইথিওপিয়া ও পাকিস্তান এখনো বিশ্বকাপে খেলার স্বপ্নই দেখে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, তবে টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময় আগে তারা নাম প্রত্যাহার করে নেয়। এ খবর দিয়ে অনলাইন বিবিসি দীর্ঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের ফুটবলের দৈন্যদশাও তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা, লেখক ও ফুটবলপ্রেমী অদিতি করিম বলেন, লাখো-লাখো ফুটবল সমর্থকের একটি দেশ ফুটবলে এতটা পিছিয়ে থাকবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহলে জনসংখ্যা কেন ফুটবল সাফল্যের নির্ভরযোগ্য নির্দেশক নয়? তাত্ত্বিকভাবে কোনো দেশের জনসংখ্যা যত বেশি, সম্ভাব্য খেলোয়াড়ের সংখ্যাও তত বেশি হওয়ার কথা। এ পর্যন্ত বিশ্বকাপ জেতা আটটি দেশের মধ্যে সাতটি হলো আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন। তারা তুলনামূলকভাবে বড় জনসংখ্যার দেশ। একমাত্র ব্যতিক্রম উরুগুয়ে। যদিও তার ব্যাখ্যা পরে আসছে।

তবে বৃটিশ শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ স্টেফান সিজমানস্কির মতে, জনসংখ্যা ফুটবল সাফল্যের বহু গুরুত্বপূর্ণ উপাদানের মাত্র একটি। বেস্টসেলার বই ‘সকারনমিকস’-এর সহ-লেখক সিজমানস্কি বলেন, ফুটবল অনেকটা জাতীয় অর্থনীতির মতো। উন্নতি করতে মানুষের প্রয়োজন হয়। কিন্তু পাশাপাশি মূলধন ও অবকাঠামোও দরকার। তিনি বলেন, ফুটবলের ক্ষেত্রে এর অর্থ হলো প্রশিক্ষণ সুবিধা এবং প্রতিভা খুঁজে বের করার সক্ষমতা। সিজমানস্কির পর্যবেক্ষণ অনুযায়ী, অধিকাংশ সফল ফুটবল দেশের আরেকটি মিল হলো তারা ধনী দেশ। ‘সকারনমিকস’ বইয়ে সিজমানস্কি ও তার সহ-লেখক সাইমন কুপার দেখিয়েছেন, কোনো দেশের বড় শিরোপা জিততে সাধারণত মাথাপিছু বার্ষিক গড় আয় কমপক্ষে ১৫ হাজার ডলার হওয়া প্রয়োজন।

কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার মাথাপিছু আয় এই সীমার অনেক নিচে হলেও তারা দু’দেশ মিলিয়ে আটটি বিশ্বকাপ জিতেছে। সিজমানস্কির মতে, এটিই তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদানটির গুরুত্ব প্রমাণ করে- অভিজ্ঞতা ও ফুটবল-জ্ঞান। তিনি বলেন, এটি আসে দীর্ঘ অভিজ্ঞতা থেকে। যেসব দেশ আজ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে, তারা প্রায় ১০০ বছর আগেই ফুটবলে আধিপত্য বিস্তার করেছিল, যখন উপনিবেশবাদ শেষ হয়নি।

অন্যদের জন্য দীর্ঘ পথ
সহজভাবে বললে, যেসব দেশ নিয়মিত বিশ্বকাপে অংশ নেয় এবং সফল হয়, তারা ইতিহাসজুড়ে অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মতো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ অঞ্চলে। এ কারণেই মাত্র ৩৫ লাখ জনসংখ্যার দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালে দুটি বিশ্বকাপ জিততে পেরেছিল। উরুগুয়ের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ১৯০২ সালে, যেখানে তারা আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছিল। সেটি ছিল ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক ম্যাচেরও ১২ বছর আগে। অন্যদিকে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার অনেক দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে অনেক পরে আত্মপ্রকাশ করেছে, অথবা সেখানে ফুটবলের বিকাশ হয়েছে আরও পরে। ফলে তাদের অনেক বেশি পথ পাড়ি দিতে হয়েছে।
কিছু দেশ অবশ্য ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে।

১৯৫৬ সালে স্পেন ও ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া মরক্কো ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাসের প্রথম আফ্রিকান দেশ হয়। দক্ষিণ কোরিয়া ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে শেষ পর্যন্ত শীর্ষ চারে থাকা একমাত্র এশীয় দেশ। কিন্তু সিজমানস্কি বলেন, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশসহ আরও কিছু দেশকে আমরা এখনো এগিয়ে আসতে দেখছি না। তার মতে, এসব দেশ সম্পদ ও দক্ষতার অভাবে পিছিয়ে রয়েছে। এমনকি বিনিয়োগ বাড়লেও দীর্ঘদিনের অভিজ্ঞতার ঘাটতি তাদের জন্য বড় বাধা হয়ে থাকবে।

ইথিওপিয়ার সংকট
ইথিওপিয়া কখনোই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারা ১৯৬২ সালে আফ্রিকান কাপ অব নেশনস জিতেছিল। তবে বিশ্বকাপে ওঠার সবচেয়ে বড় সুযোগ এসেছিল ২০১৪ সালের বাছাইপর্বে। শেষ ধাপে উঠলেও দুই লেগ মিলিয়ে নাইজেরিয়ার কাছে হেরে যায়। বর্তমানে দেশটির ফুটবল স্থানীয় গণমাধ্যমের ভাষায় তীব্র বিনিয়োগ সংকটে ভুগছে। এর একটি উদাহরণ হলো, চলমান পেশাদার লিগে উপযুক্ত স্টেডিয়ামের অভাবে ৩৮০টিরও বেশি ম্যাচ মাত্র তিনটি অনুমোদিত স্টেডিয়ামে আয়োজন করতে হয়েছে। ইথিওপিয়ান প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা কিফলে সাইফে ২৭ জুন দ্য রিপোর্টার পত্রিকাকে বলেন, এই মৌসুমে আমরা মাত্র তিনটি অনুমোদিত স্টেডিয়াম ব্যবহার করে ৩৮০টির বেশি ম্যাচ আয়োজন করেছি। স্টেডিয়ামের এই সংকটের কারণে জাতীয় দলকেও আফ্রিকান বাছাইপর্বে নিজেদের হোম ম্যাচ মরক্কোতে খেলতে হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD