মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন




২০২৭ সালের হজ

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৩:০৫ pm
Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ জন্য জনপ্রতি নেট ভাড়া ৯৮ হাজার টাকা প্রস্তাব করেছে বেসরকারি এই বিমান সংস্থাটি।

সোমবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। চিঠিটি পাঠান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, তারা হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত মেনে আসন্ন মৌসুমে তারা ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত। প্রস্তাবিত ৯৮ হাজার টাকা নেট ভাড়ার সঙ্গে ট্যাক্স, চার্জ এবং এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়। এতে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের তুলনামূলক কম খরচে হজ পালনের সুযোগ তৈরি হবে।

গত মৌসুমে হজ প্যাকেজের একটি বড় অংশ ছিল বিমান ভাড়া, যা ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সে তুলনায় ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া উল্লেখযোগ্যভাবে কম।

বর্তমানে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস হজযাত্রী বহন করছে।

চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়ার পাশাপাশি তাদের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসও যাত্রী পরিবহন করছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী বছরের হজের জন্য বিমান ভাড়া ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা প্রস্তাব করেছে। তবে চূড়ান্ত ভাড়া এখনো নির্ধারিত হয়নি।

জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা সব সময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও হজ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হবে। এরপর আজ বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ প্যাকেজ ঘোষণার বিষয়ে আজকে আমাদের সভা আছে, সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থাকবে, সংশ্লিষ্ট অংশীজনেরা থাকবেন। ইউএস-বাংলার এয়ারলাইন্সের চিঠির বিষয়টি আমরা সভায় আলোচনা করব।

ধর্ম সচিব বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স বলেছে, আপনারা আমাদের অ্যালাউ করলে আমরা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নিয়ে আসব। আমরাও চাই মানুষ যাতে অল্প পয়সা খরচ করে হজে যেতে পারেন। এটা দরকষাকষির জন্য আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে। বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নের চেষ্টা আমাদের অব্যাহত আছে। হজের বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াটা ভালো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD