শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন




ভারত সিরিজ নিয়ে সরকারের সহায়তা চাইলো বিসিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১২:৪০ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারত ক্রিকেট দলের। তবে এখনো তা নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি তামিম ইকবাল গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করে ভারত সরকারের সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানান, যাতে বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করা যায়। গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ভারত সিরিজ নিয়ে বৈঠক করেন তিনি।

সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তামিম। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে তামিমের সঙ্গী ছিলেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ। চারদিন আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানিয়েছিলেন, সিরিজ নিয়ে তারা যথেষ্ট আশাবাদী হলেও লাগাম পুরোপুরি তাদের হাতে নেই। নিজের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত ভারত সিরিজ নিয়ে আমার কাছে কোনো খবর নেই। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে, বিসিবি কর্মকর্তাদের মধ্যে ইমেইল আদান-প্রদান হচ্ছে, আমরা সব দিক থেকেই চেষ্টা করছি।’ নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায়ও সরব তিনি। তামিম বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ, আমি যথেষ্ট আশাবাদী যে তারা আসবে।’

নিজের সীমাবদ্ধতা স্পষ্ট করেন বিসিবি প্রধান, ‘আমি বিসিবির সভাপতি, আর এমন একটা সীমারেখা আছে যা আমার কখনো অতিক্রম করা উচিত নয়। আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব, আমি মানুষের সঙ্গে কথা বলছি, তাদের বোঝানোর চেষ্টা করছি ভারত সিরিজে কী কী সুবিধা আছে।’ ২০২৪ সালেই মাঠে গড়ানোর কথা ছিল এই সিরিজ। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার জেরে তা স্থগিত হয়ে যায়। পরে ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম ও ঢাকায় সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিসিআইয়ের উদ্বেগে তা ফের পিছিয়ে যায়। চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা থাকলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি বিসিবি। ভারত সরকার সমপ্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

পাশাপাশি ২৯শে জুলাই পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা ও নয়াদিল্লির ঐক্যমতের কথা জানান। এই ইতিবাচক আবহ সিরিজ নিয়ে আশা জাগিয়েছে। ভারত সিরিজ চূড়ান্ত হলে আফগানিস্তানের বিপক্ষে ভারতের ঘরের মাঠের প্রস্তাবিত সিরিজ পিছিয়ে যেতে পারে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। বিসিবি সভাপতি নিজেও শেষ পর্যন্ত আশার আলো দেখছেন, ‘এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তা যথেষ্ট ইতিবাচক। তাদেরও একটা সিদ্ধান্ত নিতে হবে। খুব শিগগিরই হয়তো আমরা জানতে পারব সিরিজটি হচ্ছে কি না।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD