আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর ৩ উইকেটের জয় তুলে নিয়েছে আফগানিস্তান। দারুণ এ জয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। একই সঙ্গে এই জয়ের মাধ্যমে কাট-অফ তারিখের আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণও। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত র্যাঙ্কিং সমীকরণে বাদ পড়ে আবারও বড় ধাক্কা খেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে মূল পর্বে খেলার কথা। তবে আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সেরা আটে অবস্থান করায়, র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলটি সরাসরি খেলার সুবর্ণ সুযোগ পাচ্ছে। আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের ফল নির্ধারণ হওয়ার পর র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশের জায়গা মূল পর্বে শতভাগ নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও মূল পর্বে সরাসরি অংশ নেওয়া বাকি দলগুলো হলো— আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
অন্যদিকে র্যাঙ্কিংয়ের ১০ নম্বর স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে বাকি রয়েছে। তবে ওই দুই ম্যাচের দুটিতেই জয় পেলেও গাণিতিক সমীকরণে ৯ নম্বরে ওঠার কোনো সম্ভাবনা নেই ক্যারিবীয়দের। ফলে ২০২৩ সালের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে ব্যর্থ হলো উইন্ডিজরা।
২০২৩ বিশ্বকাপে বাছাইপর্বের ‘সুপার সিক্স’ পর্বে পঞ্চম স্থানে থেকে ছিটকে গিয়ে প্রথমবারের মতো দর্শক হিসেবে বিশ্বকাপ দেখেছিল তারা। ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পুনরায় বাছাইপর্বের বৈতরণী পার হতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।