বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন




৫ সন্তানকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন রোনালদো-রদ্রিগেজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১১:৩৭ am
Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo
file pic/ AFP

ক্রিশ্চিয়ানো রোনালদো ভক্তদের চমকে দিতে জানেন। তবে এবার ফুটবল মাঠে নয়, মাঠের বাইরের এক বিশেষ খবর দিয়ে সবাইকে চমকে দিলেন পর্তুগিজ ফুটবল তারকা। দীর্ঘদিনের পার্টনার জর্জিনা রদ্রিগেজকে ১১ই আগস্ট (মঙ্গলবার) বিয়ে করেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশের পরই বিষয়টি সবার সামনে আসে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানায়- রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দু’জনকে পরস্পরের হাত ধরে থাকতে দেখা যায় এবং দু’জনের হাতেই আছে বিয়ের আংটি। জানা গেছে, পর্তুগালের রাজধানী লিসবনের কাছে পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর কাসকাইসে একেবারে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিবেশে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল বলে জানিয়েছে ব্রান্সউইক গ্রুপ।

রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তানের নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। বিয়ের ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘সি হার্ট ইমোজি জি’। রোনালদোর ঘনিষ্ঠ বৃটিশ সাংবাদিক পিয়ার্স মরগানও বিয়ের পর এই দম্পতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে তাদের বিয়ের আংটি পরা অবস্থায় দেখা যায়।

রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সম্পর্কের শুরু ২০১৬ সালে মাদ্রিদে। গত এক দশকে তাদের সম্পর্ক একটি আকস্মিক পরিচয় থেকে পরিণত হয়েছে ঘনিষ্ঠ পারিবারিক বন্ধনে। স্পেন, ইতালি, বৃটেন ও সৌদি আরবে বসবাসের মধ্য দিয়ে তারা পাঁচ সন্তানকে নিয়ে পরিবার গড়ে তুলেছেন। জানা যায়, মাদ্রিদের একটি গুচি বুটিকেই প্রথম রোনালদোর সঙ্গে জর্জিনার পরিচয় হয়। তখন জর্জিনা সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সে সময় রোনালদো খেলতেন লা লিগার অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। কয়েক দিন পর একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে তাদের আবার দেখা হয়। সেখানে কাজের সময়ের বাইরে অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে দু’জনের কথা বলার সুযোগ হয়।

২০১৭ সালের নভেম্বরে জর্জিনা তাদের মেয়ে আলানা মার্টিনার জন্ম দেন। এর কয়েক মাস আগে সারোগেসির মাধ্যমে রোনালদোর যমজ সন্তান মাতেও ও ইভার জন্ম হয়। জর্জিনা তাদেরও নিজের পরিবারের অংশ হিসেবে সাদরে গ্রহণ করেন। এর সঙ্গে ছিলেন রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তিনি পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। সম্প্রতি পর্তুগাল জাতীয় দলের হয়ে নিজের রেকর্ড গড়া ষষ্ঠ বিশ্বকাপেও খেলতে দেখা গেছে তাকে। তবে সেই বিশ্বকাপ অভিযান রোনালদো কিংবা পর্তুগাল- কেউই দীর্ঘদিন মনে রাখতে চাইবে না। ক্লাব ফুটবলে বর্তমানে সৌদি প্রো লিগের দল আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। শনিবার থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যাওয়ার প্রত্যাশা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD