বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন




বাংলাদেশে বিনিয়োগের সেরা সময় যাচ্ছে: সালমান এফ রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ৫:৪৯ pm
salman f rahman Private Industry and Investment Adviser to Honorable Prime Minister Sheikh Hasina সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা
file pic

জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের সেরা সময় যাচ্ছে এখন। জাপানের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের রাজধানী টোকিওতে ইনভেস্টমেন্ট সামিট ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শোতে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী আজ সকালে বলেছেন, জাপানি বিনিয়োগকারীদের জন্য যদি আরও জমির প্রয়োজন হয়, তা দেওয়া হবে। যেসব জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছেন, তাদের কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা হবে। কারণ, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দৃঢ়। জাপান আমাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাপানিরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের কথা আমাদের বলতেন, যা এখন বাংলাদেশের অন্যতম প্রধান অবকাঠামো—ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআই’র বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হয়।

জাপানে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামের রোড শো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ষষ্ঠ আয়োজন। এ রোড শোতে এবারও বিএসইসির সঙ্গে আয়োজক হিসবে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পার্টনার হিসবে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সহযোগিতায় করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, মিনোরি জাপান বাংলাদেশ ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)।

রোড শোতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিএসইসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD