রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন




বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা করছে বিএনপি: কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৭:৪৭ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের qader qader
file pic

বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে— এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবার বিদেশি শক্তিকে দিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক বসাবে। সব খবর আমরা রাখি। ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক শান্তি সমাবেশ এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেন, বিএনপি এখনও মনে মনে ‘মন কলা’ খাচ্ছে। মনে করছে ১ তারিখের মতো, অক্টোবর মাস। সেই তত্ত্বাবধায়ক। নিজের দলের ফখরুদ্দীন, মঈনুদ্দিনকে বসাবে। আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বলছেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ, আওয়ামী লীগের সময় শেষ। সময়টা কবে শেষ হলো, দিনক্ষণ বলুন। ১৪ বছর ধরে দেখছি, সময় তো শেষ হয়নি। এখন আবার বলছেন সময় শেষ। আমি একটু জানতে চাই।

গত ১৪ বছর ধরে একই কথা শুনছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বলে রোজার ঈদের পর, কোরবানির ঈদের পর, তারপর বলে বর্ষার পর, পরীক্ষার পর। এই বছর না ওই বছর? আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৪ বছর। মানুষ বাঁচে কয় বছর?

সরকারের সময় শেষ হলে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় যখন শেষ প্রেস কনফারেন্স করার সময়টা জানিয়ে দেবেন। আমরা এক গুচ্ছ গোলাপ, রজনীগন্ধার নিয়ে হাজির হবো। সময়টা বলেন। যেন আমরা সময় মতো আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ভালো চালিয়েছেন, জনগণের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা কী মনে করেন— এত তাপমাত্রা, আল্লাহর কী রহমত, তাপমাত্রা কমে গেছে। লোডশেডিং কমে যায়নি? শকুনের দোয়া কাজে লাগেনি। তাপমাত্রা আরও কমবে। লোডশেডিং আরও কমে যাবে। কয়টা দিন অপেক্ষা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা বিদেশে সম্মানিত হলে বাংলাদেশের মানুষ খুশি হয়, বিএনপি কষ্ট পায়। তাদের কলিজা শুকিয়ে যায়। শেখ হাসিনা দেশের জন্য সম্মান বয়ে আনছেন, এটা দেখে তাদের মুখের দিকে তাকানো যায় না।

সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে, কোনওদিন বিএনপি পরাজয় মেনে নেবে না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া নাকি দেশ চালাবেন ডিসেম্বর মাসে! বিএনপির ৫২ দল, ৫৩ দল এগুলো ভুয়া। তারা আইন মানে না, বিচার মানে না। শালিস মানে না। তারা আইন অমান্যকারী।

সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে এবং সেজন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে জানিয়ে তিনি আরও বলেন, যারা বাধা দেয়, যুক্তরাষ্ট্রের ভিসানীতি তাদের বাধা দেয় কিনা, আমরা তা দেখতে চাই। গাজীপুর, খুলনা, বরিশালের মতো সামনের সকল নির্বাচন সুন্দর হবে। সংবিধানের নিয়ম কারও জন্য অপেক্ষা করে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD