বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। এবারের নির্বাচনেও নৌকাকে জয়ী করে বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী করতে হবে।
গত সাড়ে ১৪ বছরের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরতে মানুষের কাছে যেতে নিজ সংসদীয় আসনের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জুন) রাত ৯টার দিকে ঈদুল আজহা উপলক্ষে নিজ সংসদীয় আসনের পীরগাছার দেউতিতে এসে স্থানীয় নেতা-কর্মীরাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন চলমান রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের গত তিন মেয়াদে যেসব উন্নয়ন হয়েছে তা এখন মানুষের সামনে তুলে ধরার কাজ তৃণমূলের নেতা-কর্মীদের নিতে হবে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে দেশের স্বার্থে দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পারুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক ও দেউতি কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।