গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেছে ব্রাজিল। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন নেইমার। গোড়ালির ইনজুরিতে গ্রুপপর্বের দু’টি ম্যাচ খেলতে পারেননি পিএসজি তারকা। শেষ ষোলোতেও অনিশ্চিত তিনি।
সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে ব্রাজিল। সেই ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। ইনজুরিতে পড়েন ডিফেন্ডার দানিলোও। যেকারণে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তারা। সুইসদের ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে চোট পান অ্যালেক্স সান্দ্রোও। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই তিন খেলোয়াড়ের চোট থেকে সেরে ওঠা নিয়ে নিশ্চিত কিছু জানাননি। তিনি বলেন, ‘পরের ম্যাচের (দক্ষিণ কোরিয়ার বিপক্ষে) আগে এখনো অনেক সময় বাকি।
আশা করছি এর মধ্যে পরিস্থিতি অনুকূলে চলে আসবে। এখনো (নেইমার ও সান্দ্রোর খেলার) সম্ভাবনা আছে এবং বিষয়টি কোনদিকে গড়ায়, তা দেখার অপেক্ষায় থাকব আমরা।’
আগামী ৫ই ডিসেম্বর শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার মোকাবিলা করবে ব্রাজিল। তার আগে দুটি অনুশীলন করার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাসমার জানালেন, অনুশীলনে নেইমারদের শারীরিক অবস্থা যাচাই করা হবে। তিনি বলেন, ‘বল নিয়ে তারা এখনো মাঠে অনুশীলন শুরু করেনি। শনিবার থেকে শুরু করবে। তখন তারা কেমন বোধ করে সেটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। এটার ওপরই আসলে সবকিছু নির্ভর করছে, সেটিও এই দুই দিনের মধ্যে।’