দখলীকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনারা হত্যা করেছে ফিলিস্তিনি অধিকারকর্মী ও যোদ্ধাগোষ্ঠী হামাসের সদস্য মোহাম্মদ জিবরিল রুমানেহকে। শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা গুলি ছোড়ে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে লিখেছে, আল বিরেহ এলাকায় দখলদার বাহিনীর ছোড়া বুলেটে মারাত্মক আহত হয়ে মারা গেছেন জিবরিল। দ্বিতীয় আরেক ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, নিহত ব্যক্তি হামাসের সদস্য। তিনি তাদের পাগোটের কাছে একটি সামরিক চৌকিতে বোমা ছুড়ে মেরেছিলেন। ওই এলাকায় সক্রিয় সেনারা নিয়মিত অভিযানে সন্দেহভাজনকে শনাক্ত করে এবং সরাসরি গুলি করে জবাব দেয়। অন্য দু’জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস যোদ্ধা গোষ্ঠী। পশ্চিমতীরে তাদের রয়েছে শক্তিশালী সমর্থন। নিহত ব্যক্তিকে তাদের সদস্য বলে দাবি করেছে। এক বিবৃতিতে তারা নিহত জিবরিলকে স্বাধীনতা রক্ষার জন্য শহীদ বলে ঘোষণা দিয়েছে।
পশ্চিমতীরে এক বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে। সেখানে ইসরাইলি সেনাবাহিনীর তল্লাশি বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি গ্রামবাসীর ওপর বসতি স্থাপনকারীদের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। মাঝে মাঝে অতিষ্ঠ ফিলিস্তিনিরা ইসরাইলিদের বিরুদ্ধে হামলা চালায়। বছরের শুরু থেকে এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন কমপক্ষে ২৪২ জন ফিলিস্তিনি এবং ৩২ জন ইসরাইলি।