ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরদিন ২৮৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি।
সোমবার বিকালে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
গত সপ্তাহে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি ও জমার কাজ চলে।এরপর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম জানাল দলটি।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে তাতে ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগ, ১৪ দল ও জাতীয় পার্টি আসন সমঝোতা করে ভোটে অংশ নিচ্ছে। তবে এবার কোনো জোট বা কারও সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার কথা গত বুধবার জানিয়েছিলেন মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, “জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে।… আমরা কারো সঙ্গে আসন সমঝোতায় যাব না।”
এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু।
ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
অন্যদিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।
জাতীয় পার্টির প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন-
গত শুক্রবার (২৪ নভেম্বর) বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চেয়েছি, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।