করোনাভাইরাস মহামারিতে বিশ্ব অর্থনীতির নাজুক পরিস্থিতিতে ২০২০ সাল থেকেই অর্থ ব্যয়ে কৃচ্ছ্রসাধন নীতি নেয় সরকার। মহামারির কশাঘাত থেকে যখন বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার ফলে বিশ্ব অর্থনীতিতে দেখা দেয় মন্দাভাব। এমন পরিস্থিতি মোকাবিলায় ২০২২ সালের মতো ২০২৩ সালজুড়েই সরকারি খরচ নিয়ন্ত্রণে একের পর এক ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ নেয় সরকার। একই সঙ্গে এসব উদ্যোগ বাস্তবায়ন কঠোর মনিটরের আওতায় আনা হয়।
পরিপত্র জারি করে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সরকারি প্রতিষ্ঠানে নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। তবে পরে প্রতিস্থাপক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে শর্তসাপেক্ষে কিছুটা ছাড় দেওয়া হয়। একই সঙ্গে আপ্যায়ন, ভ্রমণ ও প্রশিক্ষণ ব্যয়ের ক্ষেত্রে বরাদ্দ থাকা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কমিটির সম্মানি স্থগিত করা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির নিম্ন অগ্রাধিকার প্রকল্পে আপাতত অর্থছাড় স্থগিত করার সিদ্ধান্ত হয়। সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর নিজস্ব অর্থায়নেও সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়।
উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্য কিছুটা ছাড় দেওয়া হয়। বিদেশি সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী বা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে দেওয়া বৃত্তি বা ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে পড়াশোনার জন্য অনুমোদন নিয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া বিদেশের সরকার, প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বিশেষায়িত বা পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের জন্য বিদেশ যাওয়ার সুযোগ রাখা হয়।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ব্যয়সাশ্রয়ী পদক্ষেপে গত ২০২২-২৩ অর্থবছরে সরকারের অন্তত ১৫ হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং অন্যান্য আমদানি পণ্যের দাম বৃদ্ধিতে সরকারি বিভিন্ন খাতে বাড়তি ভর্তুকির চাপ ও টাকার অবমূল্যায়নজনিত বাড়তি দায় পরিশোধের ক্ষেত্রে এ কম খরচ কিছুটা হলেও সরকারকে সহায়তা করেছে।
গত ২০২২-২৩ অর্থবছরে সরকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ দশমিক ৮ শতাংশ। কিন্তু সার্বিক অর্থনীতির গতি মন্থর থাকায় শেষ পর্যন্ত আদায় হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছিল জিডিপির ৮ দশমিক ৪ শতাংশ। বিশ্বব্যাপী মন্দাভাব এবং দেশের অর্থনীতি নানামুখী চাপে থাকায় সরকার আগেই ধারণা করেছিল, কাঙ্ক্ষিত রাজস্ব আসবে না। তাই ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হয়। একই সঙ্গে ঋণের ঝুঁকি কমানোর লক্ষ্যে গত অর্থবছর বাজেট ঘাটতি রাখা হয় জিডিপির সড়ে ৪ শাতংশে। এর আগের অর্থবছর যা ছিল ৪ দশশিক ৬ শতাংশ। গত অর্থবছরের বাজেটে জিডিপির ১৫ দশমিক ৩ শতাংশ ব্যয় করবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। কিন্তু শেষ পর্যন্ত ১২ দশমিক ৭ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে। এর আগের অর্থবছরে যা ছিল ১৩ দশমিক ১ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-অক্টোবর) পাওয়া তথ্য অনুযায়ী বাজেট বাস্তবায়নের হারও তুলনামূলক অনেক কম। এ সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে ১ লাখ ৩২ হাজার ৩৩৫ কোটি টাকা, যা সংস্থাটির নিজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ হাজার ৪৫৯ কোটি টাকা কম। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৬ শতাংশ। কিন্তু সরকারের দেওয়া লক্ষ্য পূরণে সংস্থাটিকে ৩৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এমনকি চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা কিছুটা কমালেও তা অর্জনে প্রায় ২২ শতাংশ রাজস্ব বাড়াতে হবে।
পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নের এ হার গত ছয় অর্থবছরের একই সময়ের মধ্যে সবচেয়ে কম। সরকারের পরিচালনা ব্যয়ের ক্ষেত্রেও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ কঠোরভাবে বাস্তবায়ন করতে কায়েক দফা নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানকে ব্যয় সংকোচন নীতিতে থেকেই চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়ন করতে বলা হয়েছে।
এদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় চলতি অর্থবছরে সরকারের ব্যয়ে প্রায় ৫২ হাজার কোটি টাকা কাটছাঁট করে বাজেট সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। [সমকাল]