রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪ ১০:৪৩ am
ব্যালট Vote Ballot Election Vote_Ballot_Election CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট Ballot box Bangladesh Ballot-box-Bangladesh
file pic

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় দেশজুড়ে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রোববার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে ভোট দিতে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। শীতের দিন হওয়ায় এখনো ভোটার উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় ঢাকার সিটি কলেজকেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর সব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। দেশব্যাপী সব জেলায়ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

নির্বাচন উপলক্ষ্যে গত ৩ জানুয়ারি থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসারের নির্দেশে গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন।

সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত কয়েক সপ্তাহে ট্রেন ও বাসসহ বিভিন্ন যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার ফলে নির্বাচন ঘিরে এক ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে— নির্বাচনি পরিবেশ সুষ্ঠু আছে, নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সব ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।

এবার নির্বাচনে লড়াইয়ে করছেন মোট ১৯৬৯ প্রার্থী। তাদের মধ্যে এক হাজার ৫৩২ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৭ জন স্বতন্ত্র প্রার্থী।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫, ন্যাশনাল পিপলস পার্টির ১২২, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন ভোটের মাঠে আছেন।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে ৬ কোটি ০৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৪৮। সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD