বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনে এমপি হতে চান যুব মহিলা লীগ নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদা আক্তার নাজনীন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেত্রী, শামসুন নাহার হলের যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেকসহ আইন সম্পাদক অ্যাডভোকেট তৌহিদা আক্তার নাজনীন।
আওয়ামী পরিবারের সন্তান তৌহিদা কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন।
তার বাবা প্রয়াত ইদ্রিস আলী ছিলেন মুজিব বাহিনী কিশোরগঞ্জ অঞ্চলে সেকেন্ড ইন কমান্ড। নিকলী উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইদ্রিস আলী নিকলী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং প্রথম সাধারণ সম্পাদক। তৌহিদের মা হোসনে য়ারা ইদ্রিস মুক্তা মহিলা আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি।
নাজনীন জার্মানির বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল এনার্জি বিষয়ে মাস্টার অব বিজনেস ল ডিগ্রি অর্জন করেছেন। জনসেবার মহান ব্রত নিয়ে জার্মানি ছেড়ে দেশে চলে আসেন। তিনি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করতে চান। নারী অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান। এ লক্ষ্য সামনে রেখে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনবেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। স্বামী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা (যুগ্ম সচিব)। বর্তমানে জার্মানির বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (কর্মাশিয়াল) হিসেবে কর্মরত আছেন।
এ বিষয়ে তৌহিদা আক্তার নাজনীন বলেন, আমার শিক্ষা, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমার শিক্ষা দিয়ে, বুদ্ধিমত্তা ও রাজনৈতিক পরিচয় যেন কাজে লাগাতে পারি। এ ছাড়া সমাজের উপকার করতে চাই।