রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন




ঢাবির হলে তিনদিন আটকে রেখে নির্যাতন, ৩ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:৫৯ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল থেকে চার দিন ধরে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পাওনা টাকা আদায়ের জন্য তাকে একটি করে তিন ছাত্রলীগ নেতাকর্মী তিনদিন আটকে রেখেছিল বলে জানা গেছে। এর আগে অন্য একটি হলেও তাদের আরও একদিন আটকে রাখা হয়। অপহৃত ২ ব্যক্তি হলেন-মোহাম্মদ আব্দুল জলিল এবং হেফাজ উদ্দিন।

পরিবারের অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন ধরে জিম্মির শিকার এই দুইজনের সন্ধানে নামে পুলিশ। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মহসিন হলে ওই দুই ব্যক্তির অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।

পরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শাহবাগ থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাদেরকে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৪৪ নম্বর কক্ষ থেকে উদ্ধার করেন।

প্রক্টরিয়াল টিমের বরাতে জানা যায়, ব্যবসার জন্য শাহাবুদ্দিনের কাছ থেকে থেকে ৩৫ লাখ টাকা ধার নেন জলিল। কিন্তু টাকা ফেরত চাইলে তিনি নানান বাহানা করে টাকা দিতে দেরি করছিলেন। তাই শাহাবুদ্দিন ১০-১২ জন নিয়ে গত ২১ ফেব্রুয়ারি সকালে আব্দুল জলিলকে তার হাতিরঝিল থানার হাজিপাড়ার বাসা থেকে অপহরণ করেন। এ সময় তার সাথে থাকা হেফাজ উদ্দিনকেও অপহরণ করা হয়। আব্দুল জলিলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এবং পরবর্তীতে হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৪৪ নম্বর কক্ষে আটকে রাখা হয়।

ওই কক্ষে থাকতেন ছাত্রলীগের তিন নেতাকর্মী। তারা হলেন, ছাত্রলীগের মুহসীন হল শাখার প্রচার উপ-সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোনতাছির হোসাইন এবং একই হলের ত্রাণ ও দুর্যোগ উপসম্পাদক আল শাহরিয়ার মাহমুদ তানসেন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহিন।

শাহিন পুলিশের উপস্থিতির সময় রুমে ছিলেন না। ঘটনার সঙ্গে জড়িয়ে থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি।

তবে সে সময় কক্ষে অন্য দুইজনের সঙ্গে উপস্থিত ছিলেন ঘটনার সঙ্গে জড়িত বিজয় একাত্তর হলের চতুর্থ বর্ষের আবাসিক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক শিক্ষার্থী মোহাম্মদ আবুল হাসান সাইদি। এ ঘটনায় তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শাহাবুদ্দিনকেও।

গ্রেফতার তিন ছাত্রলীগ নেতাকর্মীর সূত্রে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফয়সাল মাহমুদের নির্দেশনায় তারা তাকে আটকে রেখেছিলেন। অপহরণের চারদিন এ ছাত্রলীগ নেতা গ্রেপ্তারকৃত তিনজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। ফয়সালের সঙ্গে মুনতাসিরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।

আটক থাকা অবস্থায় তাকে মারধর করা হয়েছে বলে জানান আব্দুল জলিল। উদ্ধারের পর তিনি সেখানে উপস্থিত গণমাধ্যম বলেন, শাহাবুদ্দিন আমার থেকে ৩৫ লাখ টাকা পান। কিন্তু মাঝখানে ওনার সাথে আমার যোগাযোগ হয় না। পরে আমাকে ২১ ফেব্রুয়ারি রাত ২টায় বাসা থেকে ১০-১২ জন তুলে আনেন। তিনি বলেন,আমাকে বিভিন্ন স্থানে মারধর করা হয়েছে। গত তিনদিন ধরে হলে আটক করে রাখা হয়েছে। আমাকে যে মারা হচ্ছে আমি ভয়ে চিৎকারও করতে পারতেছিলাম না।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমরা প্রথমে পুলিশের কাছ থেকে জানতে পারলাম, মুহসিন হলে চার বা পাঁচ তলায় আমাদের কয়েকজন ছাত্রের সহযোগিতায় একজনকে তুলে আনা হয়েছে। পরে আমিসহ হল প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। এ ধরনের কোন ঘটনা ঘটিয়ে কারও পার হওয়ার সুযোগ নেই। অভিযুক্তদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা বিশ্লেষনের পরে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৪৪ নম্বর রুমটি হল প্রশাসন সিলগালা করে রেখেছে।

এদিকে গ্রেফতারকৃত চারজনকে আজ ভুক্তভোগীর পরিবারের করা অপহরণের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন বলেন, অপহরণ ও ‍নির্যাতনের অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন আব্দুল জলিলের স্ত্রী আনজুমান আকতার। সেই মামলায় চারজনকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। [মানবজমিন]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD