রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন




একাধিক পদধারীদের ভূমিকায় হতাশ তৃণমূল

‘এক নেতা এক পদ’ হয়নি ৮ বছরেও

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১১:৩৫ am
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আট বছরেও কার্যকর হয়নি বিএনপির গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতি। ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত সম্মেলনে দলটির গঠনতন্ত্রের ১৫ ধারায় বিশেষ এই বিধানটি যুক্ত করা হয়। এতে বলা হয়, কোনো ব্যক্তি একই সঙ্গে দলের কোনো পর্যায়ের কমিটির শীর্ষ দুই পদে থাকতে পারবেন না। নতুন নেতৃত্বকে জায়গা করে দিতে দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্ব এই নীতি কার্যকরের চেষ্টা করছিলেন। এ লক্ষ্যে দলের নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও গঠনতন্ত্রের এই ধারা কার্যকর করার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তা কার্যকর করা যায়নি। বরং একাধিক পদ আঁকড়ে থাকা অধিকাংশ নেতার মাঠে আন্দোলনের ভূমিকা নিয়ে তৃণমূলে অসন্তোষ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গঠনতন্ত্রে এক নেতার এক পদের কথা বলা আছে। ইতোমধ্যে অনেকে একটি পদ ছেড়ে দিয়েছেন। বাকিরাও ছাড়বেন, এটা হচ্ছে।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে যোগ্যদের যোগ্য স্থানে দায়িত্ব দিতে চান। বড় দল হিসাবে বিএনপিতে নেতার সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি। এ অবস্থায় একজন নেতা একাধিক পদ আঁকড়ে থাকলে অন্য যোগ্য নেতাদের পদে বসানোর মতো জায়গার অভাব ঘটে। আর দলের জন্য ত্যাগ স্বীকার করেও পরিচয় দেওয়ার মতো কোনো পদে না থাকলে তারা ধরে নেন দল তাকে চায় না।

এটি হতে দেওয়া ঠিক না। নেতাকর্মীদের এই মনোভাব দূর করতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর ‘এক নেতা এক পদ’ নীতি কার্যকরের উদ্যোগও নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে পরে সে উদ্যোগ থেমে যায়, তা পুরোপুরি কার্যকর করা যায়নি। বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্তত দশজন নেতা প্রায় অভিন্ন তথ্য দিয়ে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগের প্রায় আড়াই মাসের আন্দোলনে একাধিক পদধারী নেতার অধিকাংশেরই মাঠে কোনো ভূমিকা ছিল না, তারা ঢাকায় ছিলেন।

তবে কয়েকজন আবার সংশ্লিষ্ট এলাকায় আন্দোলনে সক্রিয় ছিলেন। কয়েকজন গ্রেফতারও হন। নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এমন নেতাও রয়েছেন যার পেশাজীবী পরিষদ, বিএনপি মিডিয়া সেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে চারটি পর্যন্ত গুরুত্বপূর্ণ পদ রয়েছে। অনেকের তিনটিও রয়েছে। অথচ বিএনপিতে অনেক যোগ্য ও পরীক্ষিত নেতা রয়েছেন, যারা পদবিহীন। একজনকে একটি পদে রেখে তাদেরও বাকি পদে দেওয়া যেত। একজন নেতাকে একটি পদ দিলে যেভাবে কাজ করতে পারবে, তাকে দু-তিনটি পদ দিলে কোনোটিই ভালোভাবে করতে পারবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নানাভাবে ভুল বুঝিয়ে একটি পক্ষ এক নেতাকে একাধিক পদ দেন, যা দলের জন্য এখন ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।

নেতারা আরও বলেন, নেতা হওয়ার পর সভা-সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে আসা সহজ। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে বা বাইরে কর্মসূচি পালন করাও কঠিন নয়। কিন্তু সংকটকালীন যেসব নেতা কর্মীদের নিয়ে রাজপথে থাকেন, তারাই প্রকৃতপক্ষে দলের যোগ্য ও পরীক্ষিত নেতা। ২৮ অক্টোবরের পর থেকে সাত জানুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত আন্দোলনে একাধিক পদধারী নেতার মধ্যে অধিকাংশকেই রাজপথে দেখা যায়নি, এটাই বাস্তবতা। যাদের একাধিক পদ রয়েছে, তাদের একটি পদে রেখে বাকি পদে অন্য যোগ্যদের দেওয়া উচিত। তাহলে নতুন নেতৃত্ব তৈরি হবে।

বিএনপির গঠনতন্ত্রের ১৫(খ) অনুযায়ী, ‘দলের স্থায়ী কমিটি বা চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের কোনো সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কোনো কর্মকর্তা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক দলের অন্য কোনো পর্যায়ের কমিটিতে কর্মকর্তা নির্বাচিত হতে পারবেন না। তবে অনিবার্য কারণে দলের চেয়ারম্যান সাময়িকভাবে ব্যতিক্রম অনুমোদন করতে পারবেন।’

দলীয় সূত্রে জানা যায়, একাধিক পদে আছেন-এমন নেতাদের একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছিল। একই সঙ্গে দ্বৈত পদধারী ৫৫ নেতার কাছ থেকে পদত্যাগপত্রও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি। ফলে অনেক নেতা একসঙ্গে কেন্দ্রীয় ও জেলার গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। এমনও নেতা রয়েছেন যাদের বিএনপিপন্থি পেশাজীবীসহ গুরুত্বপূর্ণ দুই থেকে চারটি পদ রয়েছে। দলীয় একাধিক পদধারীর মধ্যে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী জেলার আহ্বায়ক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু লালমনিরহাট জেলার সভাপতি, ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন জামালপুর জেলার সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। এছাড়া আমান উল্লাহ আমান ও আবদুস সালাম ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের আরও অন্তত আটজন সদস্য আছেন, যারা একসঙ্গে দুই দলীয় পদে রয়েছেন। মানিকগঞ্জ জেলার সভাপতি আফরোজা খানম, মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক আবদুল হাই, পাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, কুষ্টিয়া জেলার সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

এছাড়া খাগড়াছড়ি জেলার সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবানের সভাপতি মা ম্যা চিং, চাঁদপুরের সভাপতি শেখ ফরিদউদ্দিন, কুমিল্লা দক্ষিণের আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াসিন, মুন্সীগঞ্জের সদস্যসচিব কামরুজ্জামান রতন, কুষ্টিয়ার সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, পঞ্চগড় জেলার সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন। এছাড়া অন্তত দুই ডজন নির্বাহী কমিটির সদস্য আছেন, যারা জেলা ও ইউনিট শাখার শীর্ষ পদে রয়েছেন। এর বাইরে বিএনপির ভাইস চেয়ারম্যান, সম্পাদক ও সহসম্পাদক পদে থাকা বেশ কয়েকজন নেতা সম্মিলিত পেশাজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বিএনপি মিডিয়া সেল, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনেরও গুরুত্বপূর্ণ পদে আছেন। এ বিষয়ে একাধিক পদধারী কয়েকজন নেতা বলেন, কেন্দ্রীয় পদ ছাড়তে হবে-এই শর্তে তারা জেলার আহ্বায়ক হননি। তবে এক নেতা এক পদ নীতি যদি কার্যকরের কোনো সিদ্ধান্ত দল নেয়, তাহলে তা তারা মেনে নেবেন। তারা এও দাবি করেন, একাধিক পদে থাকলেও দায়িত্ব পালনে তাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা সব সময় সক্রিয় আছেন। তাদের জেলার নেতাকর্মীরা আন্দোলনে মাঠে ছিলেন। জেলার ইউনিট কমিটি গঠনের কাজ শেষ হলে সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে। শিগ্গিরই এসব কাজ তারা শেষ করতে চান।

অবশ্য ‘এক নেতা এক পদ’ কার্যকর করার নীতিগত সিদ্ধান্তের পর কেউ কেউ একটি পদ রেখে স্বেচ্ছায় বাকি পদ ছেড়ে দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নির্বাচিত হলে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দেন। এছাড়াও নোয়াখালী জেলা বিএনপির সভাপতির পদ ছাড়েন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। একইভাবে আরেক ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু (বর্তমানে স্থায়ী কমিটির সদস্য) সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ ছাড়েন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির পদে থাকতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়েছিলেন ডা. শাহাদাত হোসেন। শহিদুল ইসলাম বাবুলকে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক করা হলে তিনি বিএনপির সহসাংগঠনিক সম্পাদকের পদ ছেড়ে দেন। ফজলুল হক মিলনও গাজীপুর জেলার সভাপতি নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়ে দেন। ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হকও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদকের পদ ছাড়েন।

জানা যায়, এক ব্যক্তি একাধিক পদ আঁকড়ে রাখার বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন তৃণমূল নেতারা। তারা জানান, হাইকমান্ড যে আশা নিয়ে এক ব্যক্তিকে একাধিক পদ দিয়েছিলেন; বাস্তবে ভালো কিছুই দেখাতে পারেননি ওইসব নেতা। বরং একাধিক পদ নিয়ে তার অপব্যবহারেরও অভিযোগ রয়েছে কয়েকজনের বিরুদ্ধে। সেই অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্তও গড়িয়েছে। এখন এক নেতা এক পদ নীতি আবারও কঠোরভাবে কার্যকরের কথা ভাবছে বিএনপির নীতিনির্ধারকরা। শিগ্গিরই তা বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD