রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন




রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার: মির্জা ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ৮:৫৮ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে শুধু রাজনৈতিক দল বা ব্যক্তি নয়, শুধু পেশাজীবী নয়, সব জাতি একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একজন ‘মনস্টার’ সব দখল করে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে। এই ১৫ বছরে আমরা গণতন্ত্র হারিয়েছি। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এক দফায় দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম শুরু করেছিলাম। গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে পুলিশ ঢুকে সেটা পণ্ড করে দিয়েছে। অনেকে ভাবতে পারে, এতে বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন শেষ হয়ে গেছে। গণতান্ত্রিক আন্দোলন কখনও শেষ হয় না। বরং প্রতিটি বাধার পর আরও শক্তিশালী হয়েছে আন্দোলন।

মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের ওপর সবার আগে আঘাত করেছে এই সরকার। অনেক পত্রিকা বন্ধ করা হয়েছে। যারা সত্য লেখেন, যারা লিখতে চান, লিখতে পারেন তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে ডিজিটাল আইনে গ্রেপ্তার করা হয়, এমনকি নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-চিকিৎসক-প্রকৌশলী-আইনজীবীসহ পেশাজীবী নেতারা অংশ নেন।

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আলোচনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোওয়ার, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD