রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন




আইএমএফ মিশনের পরামর্শ

ব্যাংক একীভূত করতে হবে আন্তর্জাতিক মানদণ্ড মেনে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ৫:২১ pm
bank ব্যাংক Bangladesh Bank Explore banking services credit cards loans financial business Guarantee Finance Investment Commerce INTER BANK ‎বাংলাদেশ ব্যাংক ‎বাণিজ্যিক ব্যাংক মোবাইল ব্যাংকিং ‎এজেন্ট ব্যাংকিং bank
file pic

আন্তর্জাতিক মানদণ্ড মেনে ব্যাংক একীভূত করার পরামর্শ দিয়েছে ঋণ কর্মসূচির আওতায় শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে আসা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন। তারা বলেছে, যথাযথ প্রক্রিয়ায় ব্যাংক একীভূতকরণ না হলে আর্থিক খাতের সংকট আরও বাড়বে। একই সঙ্গে মিশন ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা তৈরির পরামর্শ দিয়েছে । সার্বিকভাবে খেলাপি ঋণ কমিয়ে আনার তাগিদ দিয়েছে।

বৃহস্পতিবার আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রোইকোনমি ডিভিশনের প্রধান ক্রিস পাপাগেওর্জিউর নেতৃত্বে প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বৈঠকে সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ সরকারের পক্ষে নেতৃত্ব দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারাসহ সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের এমডিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকার যে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে মিশন। তবে একীভূতকরণের পর ব্যাংকের আর্থিক অবস্থা যেন খারাপ না হয়ে যায়, এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য তাড়াহুড়া না করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে একীভূতকরণ কার্যক্রম সম্পন্ন করার ওপর তাগিদ দিয়েছেন প্রতিনিধি দলের কর্মকর্তারা। এ ছাড়া ঋণখেলাপিদের বিষয়ে বিশেষ ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানতে চেয়েছে মিশন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের সংজ্ঞায়িত করে শাস্তির বিধান করা হয়েছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে উচ্চ খেলাপি ঋণ কমিয়ে আনা, মূলধন ঘাটতি, তারল্য সংকটের সমাধান এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ) ফ্রেমওয়ার্ক গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এর বাস্তবায়ন শুরু হয়েছে। আগামীতে আরও জোরদার করে খেলাপি ঋণ কমানোসহ আর্থিক খাতের উন্নয়ন করা হবে। বৈঠকে খেলাপি ঋণসহ রাষ্ট্র মালিকানাধীন ছয় ব্যাংকের সাম্প্রতিক চিত্র, ব্যাংক খাতে তারল্য সংকট, ব্যাংকগুলোকে দেওয়া পুনর্মূলধন এবং ব্যাংক তথা আর্থিক খাতের সঙ্গে সম্পর্কিত আইন প্রণয়নের হালনাগাদ চিত্র তুলে ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বৈঠকে জানানো হয়, ২০২৩ সালের শেষ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ আগের প্রান্তিকের তুলনায় প্রায় ১০ হাজার কোটি টাকা কমেছে। ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৯ শতাংশ। এ সময়ে সার্বিকভাবে কমলেও রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর খেলাপি ঋণ আগের প্রান্তিকের মতোই ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা রয়েছে। মোট ঋণের যা ২০ দশমিক ৯৯ শতাংশ। বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৮২ কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৫ দশমিক ৯৩ শতাংশ। গত সেপ্টেম্বরে যা ছিল ৮১ হাজার ৫৩৮ কোটি টাকা বা ৭ দশমিক শূন্য ৪ শতাংশ।

আইএমএফের স্টাফ মিশনের কাছে গত অক্টোবরে জুনভিত্তিক সরকারি ব্যাংকের খেলাপি ঋণের যে চিত্র তুলে ধরেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ছয় মাসের ব্যবধানে কয়েকটির ক্ষেত্রে আরও খারাপ হয়েছে। যে ছয় মাস আগে বেসিক ব্যাংকে খেলাপি ঋণের হার ছিল ৬২ দশমিক ৮৫ শতাংশ, ডিসেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৬৩ দশমিক ৭৬ শতাংশ। অগ্রণীর ২৪ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৮৯ শতাংশ এবং বিডিবিএলের ৪২ থেকে বেড়ে ৪২ দশমিক ৪৬ শতাংশ হয়েছে। সোনালী ব্যাংকের এই হার অবশ্য ১৪ দশমিক ৯৩ থেকে সামান্য কমে ১৪ দশমিক ১৩ শতাংশ হয়েছে। একইভাবে রূপালীর ১৯ শতাংশ থেকে কমে ১৭ দশমিক ৮১ শতাংশ এবং জনতার ৩৩ থেকে কমে ১৯ দশমিক ২০ শতাংশ হয়েছে।

আইএমএফ ঋণ কর্মসূচির আওতায় আগামী ২০২৬ সালের জুনের মধ্যে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ৮ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি ব্যাংকে ৫ শতাংশের নিচে এবং সরকারি ব্যাংকে ১০ শতাংশের নিচে নামানোর লক্ষ্যমাত্রা রয়েছে। গত ডিসেম্বরভিত্তিক সার্বিক খেলাপি ঋণ কিছু কমলেও রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ না কমায় উদ্বেগ প্রকাশ করেছে মিশন।

এদিকে সংসদে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ও ফিন্যান্স কোম্পানি আইন পাস হয়েছে এবং আইএমএফের সুপারিশের সঙ্গে সংগতি রেখে আইনগুলো এরই মধ্যে কার্যকর শুরু হয়েছে। তবে আর্থিক খাত-সংক্রান্ত আরও তিনটি আইন প্রণয়ন ও সংশোধনের শর্ত রয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো দ্রুত সম্পন্ন করে বাস্তবায়নের তাগিদ দিয়েছে আইএমএফ।

আর্থিক হিসাবে কেন উন্নতি নেই

আমদানিতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে উন্নতি হয়েছে। তবে আর্থিক হিসাবে ঘাটতি বেড়ে যাওয়ায় চাপে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আর্থিক হিসাবে কেন উন্নতি হচ্ছে না– জানতে চেয়েছে আইএমএফ। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া মূল্যস্ফীতি, সুদহারের নতুন ব্যবস্থা, ডলারের দর নির্ধারণে ক্রলিং পেগ, আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের পরও রিজার্ভ পরিস্থিতির অবনতির মূল কারণ আর্থিক হিসাবের ঘাটতি। ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক হিসাবে ৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলার ঘাটতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশি ঋণের সুদহার অনেক বেড়েছে। আবার টাকার বিপরীতে ডলার অনেক শক্তিশালী হয়েছে। যে কারণে বেসরকারি উদ্যোক্তাদের অনেকে এখন বিদেশি ঋণে আগ্রহ দেখাচ্ছেন না। আগের ঋণ পরিশোধের চাপ তৈরি হয়েছে। যে কারণে আর্থিক হিসাবে উন্নতি হচ্ছে না।

জানা গেছে, গত জুলাই থেকে চালু হওয়া সুদহারের নতুন ব্যবস্থা স্মার্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু কার্যকর, তা জানতে চেয়েছে মিশন। সুদহার পুরো বাজারভিত্তিক করার প্রয়োজনীয়তা নিয়ে তারা কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এরই মধ্যে সুদহার অনেক বেড়েছে। এ পর্যায়ে সুদহার আরও বাড়ালে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। আর ডলারের দর নির্ধারণের নতুন ব্যবস্থা ক্রলিং পেগ নিয়ে ওয়াশিংটনে গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে। সে আলোকে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর সুপারিশ

গতকাল অর্থ বিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে ভর্তুকি নিয়ে বৈঠক করে মিশনের একটি অংশ। এতে ভর্তুকি কমিয়ে আনতে পেট্রোলিয়াম পণ্যের জন্য একটি পর্যায়ক্রমিক সূত্রভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ করায় সরকারকে স্বাগত জানিয়েছে। তবে সার্বিক বাজেট ব্যবস্থাপনার উন্নয়নে অন্যান্য খাতে ভর্তুকি কমিয়ে আনার জন্যও বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর সুপারিশ করেছে। এ প্রসঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত কৃষিতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে যাবে সরকার। তবে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমাতে পর্যায়ক্রমে এসবের দাম বাড়ানো হবে।

সামাজিক সুরক্ষায় লক্ষ্যভিত্তিক দরিদ্রের অন্তর্ভুক্তির তাগিদ

গতকাল অর্থ বিভাগের সামাজিক সুরক্ষা-সংক্রান্ত শাখার সঙ্গে বৈঠক করে সফররত মিশন। এতে বাড়তি মূল্যস্ফীতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে যেসব লক্ষ্যভিত্তিক দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা কর্মসূচিতে আসা উচিত, তাদের আওতায় এনে এর সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নানা অনিয়মের কারণে বিদ্যমান উপকারভোগীরাও সঠিকভাবে ভাতা পায় না, এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছে।

এ বিষয়ে অর্থ বিভাগের পক্ষ থেকে মিশনকে জানানো হয়, আগামী বাজেটে এ কর্মসূচির আওতায় কয়েকটি কর্মসূচিতে আরও অন্তত সাড়ে পাঁচ লাখ নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করা হবে। তবে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী বাজেট অনেকটা সংকোচনমূলক হবে, তাই ভাতার পরিমাণ তেমন বাড়ানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া উপকারভোগী যেন সঠিকভাবে নগদ অর্থ পায়, তা নিশ্চিত করতে গত ১ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সব মন্ত্রণালয় ও বিভাগের উদ্দেশে বলা হয়, সরকারের নগদ আর্থিক সহায়তা প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন করে চালু করা সামাজিক নিরাপত্তা কর্মসূচির নগদ আর্থিক সুবিধা উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দিতে হবে। বিদ্যমান উপকারভোগীর ক্ষেত্রে আগামী ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে তা নিশ্চিত করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD