রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন




সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জামায়াতের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৯:২১ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

জামায়াতের সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। সোমববার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, এই পরিস্থিতিতে আমি জামায়াতের সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে, শতশত শহীদের রক্তের বিনিময়ে তিনি আমাদের প্রিয় বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে মুক্ত করেছেন। আমি দেশের ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, কবি-সাহিত্যিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং রাজনৈতিক দলসমূহ এই আন্দোলনকে সফল করে তোলার জন্য যে অনন্য ভূমিকা রেখেছেন, এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জামায়াতের আমীর বলেন, যারা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি এবং তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের তরুণদেরকে জাতি বীর হিসেবে স্মরণ রাখবে। আর আমাদের গর্বিত সেনাবাহিনী জনগণের পাশে থেকে দেশ ও জাতির জন্য যে ভূমিকা পালন করেছেন, সেজন্য জাতি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD