রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন




ক্ষমতায় থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু বানিয়েছেন শেখ হাসিনা: তারেক রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৬:৪৯ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। শেখ হাসিনা বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছেন। বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপিসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনে, দেশের আইন-কানুন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছে।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি চক্র সুকৌশলে পুলিশের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করছে। পুলিশকে অকার্যকর করে দেয়া গেলে দেশেকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীল অবস্থা সৃষ্টিকারীদের আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই- এই মুহূর্ত থেকে হামলা, নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চায় তাহলেও তাকে আইনের হাতে তুলে দিন।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশ শুরুর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত ওই সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD