ব্যাংক খাতের দুরবস্থার মধ্যে বাংলাদেশ ব্যাংক নাইট বা ‘বিবি নাইট’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মেয়াদোত্তীর্ণ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। আগামী ১৮ অক্টোবর শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরায় বিশেষ এ অনুষ্ঠানের জন্য ভেন্যু ঠিক করা হয়েছে।
এদিকে ব্যাংক খাতের দুরবস্থার মধ্যে এরকম উৎসব আয়োজন না করার দাবিতে গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ব্যাংক সবুজ দল ও হলুদ দল। অবশ্য আয়োজনের পক্ষে অনড় অন্য পক্ষ।
গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংকের সবুজ দল ও হলুদ দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। পুরো ঘটনা শুনে গভর্নর নিজে এ আয়োজনে অংশ নেবেন না বলে জানান। যদিও সন্ধ্যায় আবার সবুজ দল ও হলুদ দলের নেতাদের এ অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে, সেখানে গভর্নরকে প্রধান অতিথি এবং ডেপুটি গভর্নরদের বিশেষ অতিথি উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক থেকে নির্বাহী পরিচালক পর্যন্ত কর্মকর্তারা পরিবারের সদস্যসহ এ অনুষ্ঠানে আমন্ত্রিত।
গভর্নর বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ব্যাংক খাতের বর্তমান নাজুক অবস্থার মধ্যে ‘বিবি নাইট’ অনুষ্ঠান আয়োজন বাতিল করতে হবে। বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া বাকি দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও ড. মো. হাবিবুর রহমানের চুক্তি বাতিল করতে হবে। এস আলম গ্রুপসহ ব্যাংকিং খাতে লুটেরা গোষ্ঠীর সঙ্গে আঁতাতকারী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অভ্যন্তরীণ সংস্কার করতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হলুদ দলের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা বলেন, ব্যাংক খাতের দুরবস্থার মধ্যে এরকম আমোদ-ফূর্তির আয়োজন কেন্দ্রীয় ব্যাংককে বিতর্কিত করবে। এটি জেনেও আওয়ামী লীগপন্থি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এ আয়োজন করতে যাচ্ছে।