প্রায় চার বছর পর আয়করমুক্ত সুবিধা ফিরে পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী পাঁচ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির সব আয় করমুক্ত ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (৫) এবং (৬)-এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে সব সময়ই কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল গ্রামীণ ব্যাংক। তবে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।
এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানা গেছে।
কর অব্যাহতি পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন
২০২৯ সালের জুন পর্যন্ত দান হিসেবে পাওয়া আয় থেকে কর অব্যাহতি দেয়া হয়েছে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করে এ সুবিধা পাবে প্রতিষ্ঠান দুটি। বৃহস্পতিবার এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সাম্প্রতিক বন্যার সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা বেশ আলোচিত হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা, যারা শিক্ষা, দাওয়াত, মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। ইসলামী পণ্ডিত শায়খ আহমাদুল্লাহ ২০১৭ সালে এ সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনিই এর চেয়ারম্যান।