তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি করেছিল শ্রমিকপক্ষ। তার বিপরীতে মালিকপক্ষ অতিরিক্ত ১ শতাংশ (মোট ৬ শতাংশ) মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিকেরা।
ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধিসংক্রান্ত বিষয়ে শ্রম মন্ত্রণালয় গঠিত কমিটির তৃতীয় বৈঠকে রোববার মালিকপক্ষ এই প্রস্তাব দেন। বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
তারা হলেন- নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমএইর সহায়ক কমিটির সদস্য এ এন এম সাইফুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহাম্মদ, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহম্মেদ।
বৈঠক সূত্রে জানা যায়, মালিকপক্ষের প্রতিনিধিরা অতিরিক্ত ১ শতাংশসহ মোট ৬ শতাংশ হারে বার্ষিক মজুরি বৃদ্ধির লিখিত প্রস্তাব দেন। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মালিকদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ইনক্রিমেন্টের বিষয়ে ২৮ নভেম্বর কমিটির চতুর্থ বৈঠকে আলোচনার সিদ্ধান্ত হয়।