রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন




রেস্তোরাঁয় ভ্যাট বাড়ছে না, পোশাক-মিষ্টিরও কমছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ১:০৮ am
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর
file pic

দেশের রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার হতে যাচ্ছে। ফলে রেস্তোরাঁয় নতুন করে আর ভ্যাট বাড়বে না। আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এনবিআর সূত্রে জানা যায়, সার্বিক বিবেচনায় রেস্তোরাঁসহ আরও কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে এনবিআর। তার মধ্যে শুরুতেই রয়েছে রেস্তোরাঁ ব্যবসা। ৯ জানুয়ারি এনবিআর শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই দিন থেকে ভ্যাট বৃদ্ধির এ সিদ্ধান্ত কার্যকর বলে সংস্থাটি জানায়। এনবিআরের ওই প্রজ্ঞাপনে রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। অর্থাৎ রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছিল।

শুরু থেকে এনবিআরের এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে রেস্তোরাঁ মালিক সমিতি। তারা বাড়তি এই ভ্যাট প্রত্যাহারের দাবির জানায় এনবিআরসহ সরকারের বিভিন্ন মহলে। পাশাপাশি বর্ধিত ভ্যাট কমানোর দাবিতে আন্দোলন কর্মসূচিও শুরু করে। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করে রেস্তোরাঁ মালিক সমিতি। এ কর্মসূচির মধ্যে এনবিআরের দিক থেকে রেস্তোরাঁর ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে এনবিআরের সদস্য (মূসক বা ভ্যাট নীতি) বেলাল হোসাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। আবার সরকারেরও রাজস্ব আয় বাড়ানোর দরকার। তাই কিছু পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো হয়েছিল। কিন্তু যেহেতু সাধারণ ও সীমিত আয়ের মানুষ রেস্তোরাঁর খাবারের সঙ্গে সম্পৃক্ত, তাই জনস্বার্থে রেস্তোরাঁর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি।

বর্ধিত ভ্যাট হার প্রত্যাহারের কারণ হিসেবে এনবিআরের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের জেলা ও থানা পর্যায়ে একটি বৃহৎ জনগোষ্ঠীর খাবার সীমিত ও মধ্যম মানের রেস্তোরাঁগুলো সরবরাহ করে। এসব ভোক্তার খাবার প্রাপ্তি সহজ ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেস্তোরাঁ সেবার ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেস্তোরাঁ মালিক সমিতি ও খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভ্যাট বাড়লে তাতে মানসম্মত রেস্তোরাঁর ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। যাঁরা সব নিয়মকানুন মেনে ব্যবসা করেন ও সরকারকে ভ্যাট দেন, তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, বাড়তি ভ্যাটের কারণে খাবারের খরচও বাড়বে, যা শেষ পর্যন্ত গিয়ে চাপবে ভোক্তার কাঁধে। এতে ভালো রেস্তোরাঁগুলো ব্যবসা হারাবে। অন্যদিকে যেসব রেস্তোরাঁ ভ্যাটের আওতায় নেই, তাদের খাবারের খরচ বাড়বে না। ফলে গ্রাহকদের একটি অংশ ওই সব রেস্তোরাঁর প্রতি ঝুঁকবেন।

পোশাক ও মিষ্টির ওপর ভ্যাট হার ১৫ থেকে ১০ শতাংশ করার সিদ্ধান্ত

তৈরি পোশাকের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাট হবে ১০ শতাংশ।

৯ জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। তাতে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের আউটলেটের ভ্যাট ৭ দশমিক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনবিআরের ভ্যাট বিভাগ। ভ্যাট কিছুটা কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। আজকালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে। তবে পুরোনো হারের চেয়ে কিছুটা বেশি ভ্যাট দিতে হবে ভোক্তাদের।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় পোশাক খাতের ওপর ভ্যাট কিছুটা কমানো হয়েছে। এদিকে পোশাকের পাশাপাশি মিষ্টির দোকানের ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। মিষ্টির দোকানের ভ্যাট সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।

এ ছাড়া নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এটি আগে ছিল ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্যাট হবে ১০ শতাংশ।

অন্যদিকে হজযাত্রীদের হজ পালনের ব্যয় কমাতে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। ৯ জানুয়ারি আকাশপথের যাত্রায় সব ধরনের দূরত্ব ২০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD