সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন




হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১০:৫১ am

টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করেছে।

হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। খবর রয়টার্স।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

গতকাল রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।

অন্যদিকে, ইসরাইল জানিয়েছে, রোববার তারা আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। শুক্রবার লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতির পর শনিবারও একই ধরনের আরেকটি হামলা চালানো হয়। ইরানের দাবি, বৃহত্তর সমঝোতা কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাতও বন্ধ করতে হবে।

এরআগে, মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার কয়েক ঘণ্টা পর তারা আবারও ইরানে হামলা চালিয়েছে। বিশ্ব জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ সংঘাতের বেশিরভাগ সময়ই কার্যত বন্ধ ছিল।

উল্লেখ্য, ১৪ দফার অন্তর্বর্তী শান্তি চুক্তির লক্ষ্য ছিল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুর সমাধান খোঁজা। একইসঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করাও এই চুক্তির অন্যতম উদ্দেশ্য।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD