সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন




অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:১৪ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিধিমালা অনুসরণ না করে বিদেশে অবস্থান এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তালিকায় রয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ কয়েকজন শিক্ষক।

অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়া বিদেশে অবস্থান করেও সংশ্লিষ্টরা নিয়মিত বেতন-ভাতা ও চাকরিসংশ্লিষ্ট সুবিধা নিচ্ছেন। তাদের কয়েকজন জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতার অভিযোগে বিতর্কিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের আওতায় রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, আইন বিভাগের প্রভাষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমানও ছুটি শেষ হওয়ার পর বিদেশে অবস্থান করছেন।

সরকারি চাকরিজীবীদের বিদেশে অবস্থানের ক্ষেত্রে যথাযথ অনুমোদন, অনাপত্তিপত্র (এনওসি) বা সরকারি আদেশ (জিও) নেওয়ার বিধান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও ছুটি ও বিদেশে অবস্থানের বিষয়ে নিজস্ব বিধিমালা মানার কথা থাকলেও প্রশাসনিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল সম্প্রতি ভারতে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছে তার নিজ বিভাগ ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং নীল দলের সংশ্লিষ্ট একাধিক সূত্র। তবে কেউ কেউ বলছেন তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর ১০ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে উপাচার্যের পদ ছাড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বহাল ছিলেন।

প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি এক বছরের গবেষণা ও অধ্যয়ন ছুটি নেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, নির্ধারিত শর্তে শিক্ষকরা উচ্চতর গবেষণা ও অধ্যয়নের জন্য এ ধরনের ছুটি নিতে পারেন।

তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে অনিশ্চয়তা এড়াতেই তিনি এ ছুটির সিদ্ধান্ত নিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে তার ছুটির মেয়াদ শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

এরই মধ্যে জুলাই বিপ্লবের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে অধ্যাপক মাকসুদ কামালসহ নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্যও জানা গেছে। এ অবস্থায় তার বিদেশে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের অনুমতি ও প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

তার বিদেশযাত্রা এবং কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

জানতে চাইলে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বিএম রাব্বি হোসাইন বলেন, অধ্যাপক মাকসুদ কামাল কোথায় রয়েছেন, তা আমার জানা নেই। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।

তিনি আরো বলেন, তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিভাগে অনুপস্থিত। কবে যোগদান করবেন, সে বিষয়েও কিছু জানি না।

একইভাবে বিদেশে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি। তাদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুসরণ না করে বিদেশে অবস্থান এবং চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ উঠেছে। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই দম্পতি আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতায় তাদের ভূমিকা ছিল। ওই সময় নীল দলের বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে তাদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

আজহার উদ্দিন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হন শাহরিমা তানজিন। সে সময় শাহরিমা তানজিন কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষক এবং আজহার শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

জুলাই বিপ্লবের পর তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের ১২০ জনের বেশি শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত একটি আবেদনপত্রে এই শিক্ষক দম্পতিকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়ে চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়।

এদিকে, ২০২৬ সালের আগস্টে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগের কথা উঠে আসে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫৮ জন শিক্ষককে শনাক্ত করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই শিক্ষক দম্পতির নামও তদন্তের তালিকায় রয়েছে।

প্রভাষক দম্পতির বক্তব্য জানতে তাদের ফোন ও ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

তবে যোগাযোগের দুদিন পর তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে প্রতিবেদকের কাছে বক্তব্য পৌঁছানোর চেষ্টা করেন তারা। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই ব্যক্তি বলেন, তারা কিছু কারণে মিডিয়ার সঙ্গে কথা বলেন না। প্রভাষক দম্পতি জুলাইয়ের পর বিতর্কিত হলেও একাডেমিক দিক থেকে তারা যথেষ্ট যোগ্য। তারা ক্যামব্রিজ থেকে পড়াশোনা করে এসেছেন। যোগ্যতার দিক থেকে তাদের কোনো কমতি নেই।

তিনি আরো বলেন, সাবেক উপদেষ্টা আসিফ নজরুলও তাদের প্রশংসা করেছেন। বরং জুলাইয়ের পর তাদের চাকরির অধিকার থেকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে জানতে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমানের বিরুদ্ধেও অনুমোদিত ছুটির বাইরে বিদেশে অবস্থানের অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ ছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে তৎপর ৪০৪ জন আওয়ামীপন্থি শিক্ষকের তালিকায়ও তার নাম রয়েছে বলে জানা গেছে। এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি তদন্ত কমিটি কাজ করছে। এ কারণে তার বিদেশযাত্রার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তবে মাকে নিয়ে ওমরা পালনের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রথমে সৌদি আরব যান অধ্যাপক মুশফিকুর। পরে সেখান থেকে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। ওই দেশে তার নাগরিকত্ব থাকায় সেখানে অবস্থান করা সহজ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে অনুমোদিত ১২ দিনের ছুটি শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে ফেরেননি। অতিরিক্ত ছুটির আবেদন করলেও বিশ্ববিদ্যালয় তা মঞ্জুর করেনি। অথচ তার বেতন-ভাতা ও চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে অধ্যাপক মুশফিক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমে আমি ৮ মাসের স্যাবাটিক্যাল লিভের জন্য আবেদন করি। কিন্তু বিশ্ববিদ্যালয় তা অনুমোদন করেনি। পরে মায়ের সঙ্গে ওমরা করার কথা বলে আবেদন করলে বিশ্ববিদ্যালয় ১২ দিনের ছুটি মঞ্জুর করে।’

তিনি আরো বলেন, সেই ছুটি ২ সেপ্টেম্বর শেষ হয়ে যায়। সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় আসার পর আরো দু মাসের ছুটি চেয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করি। কিন্তু বিশ্ববিদ্যালয় সেই ছুটি মঞ্জুর করেনি।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন বলেন, অধ্যাপক মুশফিকুর রহমানসহ আরো কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ শোনা যাচ্ছে। ইতোমধ্যে তাকে নিয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের মতো সিদ্ধান্তও সিন্ডিকেট সভা থেকে আসতে পারে।

ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্যের

এ বিষয়ে কথা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ‘আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কারা কারা অনুমতি না নিয়ে দেশের বাইরে আছেন, তা ঠিক জানি না। তবে শুনেছি, অনেকে এমনটা করেছেন।’

প্রতিবেদকের কাছ থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে তথ্য জানার পর তিনি বলেন, ‘আপনার মাধ্যমে কিছু বিষয় জানতে পেরেছি। এ ব্যাপারে আমার কিছুটা ধারণাও ছিল। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরো বলেন, বিষয়গুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠাব। নিয়ম ভঙ্গ করে কাউকে অবৈধ সুবিধা ভোগ করার সুযোগ দেওয়া হবে না। আমার দেশ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD