রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন




ইকোনমিস্ট-এর প্রতিবেদন

অর্থনৈতিক সংকটে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:১০ pm
দৈনিকের দৈনিক সংবাদপত্র news industry mass media news agencies print media broadcast news media news newspaper মিডিয়া গণমাধ্যম সংবাদ গণ মাধ্যম ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট আইপিআই রিপোর্টার রিপোর্ট সাংবাদিক সাংবাদিকরা সাংবাদিকতা News media সংবাদ শিল্প media পত্রিকা
file pic

সরকারকে অবশ্যই ব্যাংক খাতের সমস্যার সমাধান করতে হবে

তিন দিক ভারতবেষ্টিত না হলে বাংলাদেশকে একটি বিশাল রাষ্ট্র হিসেবেই বিবেচনা করা হতো। ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ ইউরোপের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি জনবহুল। আগামী ২৪ নভেম্বর দেশটির বিপুল জনগোষ্ঠীর জন্য একটি নতুন মর্যাদা অর্জনের কথা ছিল। ওই দিন থেকে বাংলাদেশকে আর ‘স্বল্পোন্নত দেশ’ হিসেবে শ্রেণিভুক্ত থাকার কথা ছিল না। জাতিসংঘের এই শ্রেণিভুক্তির আওতায় দরিদ্র দেশগুলো স্বল্পসুদে উন্নয়ন ঋণ এবং ধনী দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রপ্তানির সুবিধা পেয়ে থাকে।

বাংলাদেশের মানুষ এ অর্জন উদযাপনের জন্য প্রস্তুত ছিল। অবশ্য তৈরি পোশাক রপ্তানিকারকদের কিছু প্রতিযোগিতামূলক সুবিধা হারাতে হতো। তারপরও বৈশ্বিক উন্নয়নের সূচকে ওপরে ওঠা এমন একটি দেশের জন্য গর্বের বিষয়, যার গর্বিত হওয়ার মতো অনেক অর্জন রয়েছে।

১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়। তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। এর পর থেকে দেশটির মানুষের মাথাপিছু আয় চার গুণ বেড়েছে, শিশুমৃত্যুর হার ব্যাপকভাবে কমেছে এবং প্রায় সব শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত হয়েছে। একই সঙ্গে চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।

কিন্তু উদযাপনটি আপাতত স্থগিত হয়েছে। যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ জাতিসংঘের কাছে এলডিসি থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। গত মাসে সেই আবেদন মঞ্জুর হয়েছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের এখন এই অতিরিক্ত সময়টুকু প্রয়োজন। কয়েক দশকের অগ্রগতির পর দেশটি বর্তমানে এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এর জন্য আংশিক দায় শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত ‘জেন-জি বিপ্লব’-এর মধ্য দিয়ে তাঁর সরকারের পতন হয়। এর পর দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গত ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে জয়ী হয়ে দলটি সরকার গঠন করে। ওই নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

বিপ্লবের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে বিপুল অর্থ লুটপাট করেন। এর ফলে ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ও ঝুঁকিপূর্ণ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে। এসব অনাদায়ী ও ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে।

২০২৪ সালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে কর্মকর্তাদের দাবি, গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্পে ধর্মঘট এবং পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের পেছনে তাঁর দল আওয়ামী লীগের হাত রয়েছে। দলটির হাতে অবৈধভাবে অর্জিত বিপুল অর্থের মজুত রয়েছে, পাশাপাশি রয়েছে রাজপথে সহিংসতা চালানোর মতো কর্মী-সমর্থক। শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নে ভূমিকার কারণে অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার অঙ্গীকার করেছেন তিনি।

সব সমস্যার দায় শেখ হাসিনার ওপর চাপানো যায় না। কিছু সমস্যার উৎস বাংলাদেশের বাইরেও। ইরানে যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় চলতি বছর অনেক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর পরিস্থিতিতে শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি তোলেন। অথচ কারখানার মালিকদের জন্য বাড়তি মজুরি দেওয়া ছিল সবচেয়ে কঠিন। এরই পরিণতিতে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট। অন্যদিকে, নতুন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ধীরগতি দেখিয়েছে। বিক্ষোভকারীদের সামলানোর ক্ষেত্রেও সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি।

বাংলাদেশ দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার (স্ট্যাগফ্লেশন) ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে দেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে। ওই সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মূল্যস্ফীতি বেড়ে যায়। একই যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও বৃদ্ধি পায়। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২০২৪-২৫ অর্থবছরে ৩ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। করোনাভাইরাস মহামারির সময়ের কাছাকাছি এই প্রবৃদ্ধি, যেখানে আগে প্রবৃদ্ধি ছিল প্রায় ৬ শতাংশ। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে দারিদ্র্য বাড়ছে। এতে বাংলাদেশের দীর্ঘদিনের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন কিছুটা হলেও ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি। ফলে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে। অন্যদিকে, মানসম্মত কর্মসংস্থানের সংকটও কাটেনি। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল ভালো কর্মসংস্থানের অভাব। সেই সংকট এখনও রয়ে গেছে।

বাংলাদেশের আপাতত লেনদেনের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্টস) বড় ধরনের সংকটের আশঙ্কা কম। বিদেশি ঋণদাতাদের পাওনা পরিশোধের পরিমাণ বাড়লেও প্রবাসী আয় ও তৈরি পোশাক রপ্তানি থেকে আসা বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় তা কমই থাকবে। বরং মূল সমস্যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বল হয়ে পড়া।

এ বছর ঋণের সুদ ও আসল পরিশোধের ব্যয় জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে। এতে সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ বাড়বে। অথচ বাংলাদেশে কর আদায়ের পরিমাণ জিডিপির মাত্র ৭ শতাংশের কাছাকাছি। বর্তমানে সবচেয়ে জরুরি অগ্রাধিকার হওয়া উচিত দেশের ব্যাংক খাতের সংস্কার। তবে আইএমএফের মতো বিদেশি ঋণদাতারা যদি ব্যাংকগুলোকে উদ্ধার করতে সরকারকে সহায়তা দিতে চায়, তাহলে তারা সম্ভবত ব্যয়বহুল ও বাজারব্যবস্থায় বিকৃতি সৃষ্টিকারী ভর্তুকি কমানোর শর্ত দেবেন। এ ধরনের সিদ্ধান্ত সরকারের জন্য অত্যন্ত অজনপ্রিয় হতে পারে।

নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জনে বাংলাদেশকে এই তিন বছরের বাড়তি সময় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কাজে লাগাতে হবে। সরকারের কর আদায় বাড়াতে হবে। একই সঙ্গে অগ্রাধিকারমূলক বাজারসুবিধার বিকল্প হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের উদ্যোগ জোরদার করতে হবে। প্রতিবেশী ভারতও এ ধরনের উদ্যোগ নিচ্ছে।

চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এবং একটি নিপীড়নমূলক শাসনের অবসান ঘটানোই শেষ কথা নয়। বাংলাদেশের সামনে এখন আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি।

ইকোনমিস্ট সাময়িকীর চলতি সপ্তাহের সংখ্যায় প্রকাশিত নিবন্ধ থেকে অনূদিত




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD