রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন




সফটওয়্যার জটিলতায় অচল সঞ্চয়পত্রের কার্যক্রম, ভোগান্তিতে গ্রাহক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:১৪ pm
national saving national savings certificate NSC Sanchayapatra Interest Rate জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্র
file pic

সঞ্চয়পত্রের সফটওয়্যারে জটিলতা দেখা দেওয়ায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সঞ্চয়পত্রের সব ধরনের কার্যক্রম। ফলে মেয়াদ শেষ হওয়ার পরও বিনিয়োগ করা টাকা ফেরত পাচ্ছেন না অনেক গ্রাহক। সময়মতো ব্যাংক হিসাবে জমা হচ্ছে না মুনাফার অর্থও। নতুন করে সঞ্চয়পত্র কেনা ও ইস্যুর কাজও থমকে আছে।

নিজের জমানো টাকা প্রয়োজনের সময় তুলতে না পেরে আর্থিক দুশ্চিন্তায় পড়েছেন অবসরপ্রাপ্ত ব্যক্তি, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর বাইরে উৎসে কর কর্তনের সনদ সংগ্রহ করতে না পারায় আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়ছেন অনেক গ্রাহক।

গত ১৬ নভেম্বর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্র ব্যবস্থাপনার সফটওয়্যারে ত্রুটি দেখা দেয়। এরপর থেকেই এ খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সার্ভারে অতিরিক্ত তথ্যের চাপ এবং সফটওয়্যার আধুনিকায়নের কাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক (নীতি) মুহাম্মদ মিজানুর রহমান জানান, বিপুল পরিমাণ তথ্যের চাপ সামলাতে গিয়ে সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। এ কারণে গত কয়েক দিন ধরে সঞ্চয়পত্রের লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সমস্যাটি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

অন্যদিকে, সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সঞ্চয়পত্রের সার্ভার উন্নয়নের কাজ চলমান থাকায় লেনদেন স্বাভাবিক রাখা যাচ্ছে না। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। দ্রুতই সেবা চালু করা সম্ভব হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।

একটি বেসরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বারী বলেন, সঞ্চয়পত্রের টাকা পাওয়ার কথা থাকলেও সফটওয়্যার জটিলতার কারণে তা তুলতে পারছেন না। অবসর জীবনে দৈনন্দিন খরচ মেটাতে এ টাকার ওপর নির্ভর করতে হয়। কিন্তু প্রয়োজনের সময় নিজের জমানো টাকা না পেয়ে আর্থিক সমস্যায় পড়েছেন তিনি। কবে নাগাদ টাকা পাবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে আসা সঞ্চয়পত্রের গ্রাহক আব্দুল কাইয়ুম বলেন, গত ১৮ নভেম্বর তার মুনাফার টাকা পাওয়ার কথা ছিল। সাধারণত নির্ধারিত সময়ের আগেই ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হয়। কিন্তু ২২ নভেম্বর পেরিয়ে গেলেও সেই টাকা পাননি তিনি। তার পরিচিত আরও অনেক গ্রাহক একই সমস্যায় পড়েছেন বলে জানান তিনি।

এদিকে, জরুরি প্রয়োজনে সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে সোনালী ব্যাংকের এক গ্রাহককে। স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে দ্রুত টাকার প্রয়োজন হলেও সফটওয়্যার জটিলতার কারণে তা তুলতে পারেননি তিনি। নিজের জমানো টাকা পেয়েও প্রয়োজনের সময় কাজে লাগাতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন এই গ্রাহক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার। এ সময়ে মেয়াদ শেষ হওয়ায় গ্রাহকদের ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকার মূলধন ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি মুনাফা বাবদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা।

নতুন সঞ্চয়পত্র বিক্রি, মেয়াদ শেষে মূলধন ফেরত ও মুনাফা পরিশোধ-সব মিলিয়ে এই তিন মাসে আর্থিক কার্যক্রমের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৬২ কোটি টাকার বেশি। ৯২ দিনের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৭২৬ কোটি টাকার কার্যক্রম হয়েছে। সেই হিসাবে পাঁচ দিনে প্রায় ৩ হাজার ৬৩৫ কোটি টাকার সমপরিমাণ আর্থিক কার্যক্রম ব্যাহত হওয়ার কথা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৪৩ কোটি টাকা।

আয়কর রিটার্ন জমাতেও বাধা

সঞ্চয়পত্রের সফটওয়্যার অচল থাকায় শুধু টাকা তোলা বা মুনাফা পাওয়াই নয়, আয়করসংক্রান্ত কাজেও সমস্যায় পড়েছেন গ্রাহকরা। সফটওয়্যার থেকে উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে না পারায় অনেকেই আয়কর রিটার্ন জমা দিতে পারছেন না। বিশেষ করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া করদাতাদের কাজ আটকে রয়েছে।

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ও নির্দিষ্ট আয়ের মানুষ। তাদের অনেকের সংসার খরচ, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর বড় ভরসা সঞ্চয়পত্রের মুনাফা। নির্ধারিত সময়ে সেই টাকা না পাওয়া এবং মেয়াদ শেষে মূলধন তুলতে না পারায় তাদের স্বাভাবিক জীবনযাত্রায়ও চাপ তৈরি হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD