নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হয় বোলিং খারাপ হয়েছে নয়তো ব্যাটিং। মানে দুই বিভাগে সমান ভাবে জ্বলে উঠতে পারেনি দল। তবে গতকাল টাইগাররা ব্যাটে-বলে দেখিয়েছে দারুণ দাপট। বিশেষ করে দুই পেসার তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। তার সঙ্গে দারুণ ভাবে তাল মিলিয়েছেন পেসবোলিং অলরাউন্ডার সৌম্য সরকার।
তিন পেসার মিলে নিয়েছেন সমান ৩টি করে উইকেট। এর মধ্যে সাকিব ছিলেন সবচেয়ে কৃপণ। ৭ ওভার বল করে মাত্র ১৪ রান খরচ করেন ম্যাচ সেরা খেলোয়াড় সাকিব। ম্যাচ শেষে জানিয়েছেন তার দারুণ বোলিং করার নেপথ্যের কারণ।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে সফলভাবে পরিকল্পনা কাজে লাগাতে পেরেছেন তিনি। নেপিয়ারে বাংলাদেশের জয়ের পর তানজিম বলেন, ‘গত ম্যাচে আমার বোলিং ছিল এলোমেলো।
আমার আঁটসাঁট বোলিং করার লক্ষ্য ছিল, আমি সেটিই করেছি।’ বোলিংয়ে দারুণ সুইং প্রদর্শন করেছেন তানজিম। চতুর্থ ওভারে রাচিন রবীন্দ্রকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন তিনি। অষ্টম ওভারে হেনরি নিকোলসকে সাজঘরে ফেরান তিনি। এতে দলীয় ২২ রানে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়।
বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। ম্যাচ শেষে সাকিব বলেন, ‘নিজের পারফরমেন্সে আমি সত্যিই খুশি। প্রত্যাশানুযায়ী শুরুটা বেশ ভালো ছিল। আমি সত্যিই বোলিং উপভোগ করেছি। বল ভিতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করছিল। এটা সত্যিই দলের জন্য সুবিধা করে দিয়েছে।’