বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন




মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৮:২৩ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic/Reuters

নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে বিশেষ ধরনের কাস্টডিয়াল হিসাব খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) এ বিষয় একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলার অনুযায়ী, এসব হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট জমা, উত্তোলন ও নিরাপদে সংরক্ষণের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবে জমা অর্থের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। পাশাপাশি নির্ধারিত সীমার বাইরে মুদ্রা জমার ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, মানি চেঞ্জারদের নগদ বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা থাকতে হবে। এ ছাড়া এডি ব্যাংক নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনে লাইসেন্সপ্রাপ্ত, সিআইটি সেবা দেওয়ার প্রতিষ্ঠান অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহনব্যবস্থা ব্যবহার করতে হবে।

দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, মানি চেঞ্জাররা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপ ব্যবহার করে এসব হিসাব থেকে অর্থ তুলতে পারবেন। তবে উত্তোলনের পরিমাণ কোনোভাবেই হিসাবের জমা স্থিতির বেশি হতে পারবে না। এসব হিসাবে ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়া কাস্টডিয়াল হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো কিংবা তৃতীয় পক্ষের অনুকূলে কোনো লেনদেন করা যাবে না। এসব হিসাবের সব লেনদেন বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে মানি চেঞ্জারদের হাতে থাকা নগদ বৈদেশিক মুদ্রা ব্যাংকে নিরাপদে সংরক্ষণের সুযোগ তৈরি হবে। এতে একদিকে নগদ অর্থ বহন ও সংরক্ষণের ঝুঁকি কমবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার লেনদেনে স্বচ্ছতা ও নিয়ন্ত্রক পরিপালন জোরদার হবে বলে আশা করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD