ওয়ানডে বিশ্বকাপের রেশ না কাটতেই চলে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে যুক্তরাষ্ট্র আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জ টি-টোয়েন্টির এই আসর। ধারণা করা হচ্ছিল, এবার নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তার প্রস্তুতি। আগামীকাল ২৭ ডিসেম্বর নেপিয়ারে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
তার আগে আজ বাংলাদেশ সময় সকালে প্রেস কনফারেন্সে এসে অনেক কথার ভিড়ে বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়ে দিলেন, তিনিও কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তার বিশ্বকাপ মিশন শুরুর চিন্তা করছেন।
টাইগার হেড কোচ বোঝানোর চেষ্টা করেছেন, তার টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা শুরু হবে কিউইদের বিপক্ষে সিরিজ থেকেই। বুধবার প্রথম ম্যাচে দলের লক্ষ্য ও পরিকল্পনা কী হবে? এমন প্রশ্নে হাথুরুর জবাব, ‘পরিকল্পনার কথা বললে কন্ডিশন অনুযায়ী অনেক পরিকল্পনাই করেছি আমরা। সেভাবেই খেলতে চাই।’
প্রশ্ন ছিল, ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচের অবিস্মরণীয় জয় পাওয়া গেছে। নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের জয় পায় টাইগাররারা। টি-টোয়েন্টি সিরিজ কতটা কঠিন হবে?
হাথুুরু বলেন, ‘কঠিনের কথা যদি বলেন, আমরা আমাদের রেকর্ডটা জানি। এখানে আমরা একটি টি-টোয়েন্টিও জিততে পারিনি। ওয়ানডেতেও আমাদের রেকর্ডটা এমনই ছিল। এরপর আমরা সবশেষ ম্যাচটা জিততে পেরেছি।’ টাইগার কোচের কণ্ঠে আভাস, ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কমপক্ষে একটি ম্যাচ জিততে চান।
একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখার কথাও বলেছেন বাংলাদেশ কোচ, ‘আমরা এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। এখন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগপর্যন্ত আমরা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারব। সঙ্গে বিপিএলেও নজর থাকবে। এ সময়ের মধ্যে আমরা আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব। বিশ্বকাপে আমরা কিভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’